বাসন্তী হাইওয়েতে শিউরে ওঠা দুর্ঘটনা! দ্রুতগামী গাড়ির ধাক্কায় খেলনার মতো দুমড়ে গেল অটো, মৃত ৩

বুধবার সাতসকালে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাসন্তী হাইওয়ের ওপর মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত অফিসের ঠিক সামনে একটি দ্রুতগামী চারচাকা গাড়ির সঙ্গে যাত্রী বোঝাই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। এই ঘটনায় আরও ১০ জন যাত্রী গুরুতর আহত হয়ে বর্তমানে কলকাতার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ একটি অটো যাত্রী নিয়ে মালঞ্চ থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোটিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, অটোটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়েই মিনাখাঁ থানার পুলিশ ও কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দ্রুত উদ্ধারকাজে নামেন। আহতদের প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল; তিনি শোকাতুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি হাইওয়েতে গতির দাপট নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পুলিশ ঘাতক গাড়ি দুটিকে আটক করে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy