বারাসত বার অ্যাসোসিয়েশনে ঘাসফুল ঝড়! বাম-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই রুখে ‘দুর্গ’ বাঁচাল তৃণমূল

উত্তর ২৪ পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল। চরম নাটকীয়তা এবং সমানে সমানে টক্করের পর ৯-৮ ব্যবধানে বাম-কংগ্রেস জোটকে হারিয়ে বারের ক্ষমতা ধরে রাখল শাসক শিবির। বুধবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, ১৭টি আসনের মধ্যে ৯টিতে জিতেছে তৃণমূল এবং ৮টি আসন পেয়েছে জোট। তবে এই লড়াইয়ে বিজেপি সবকটি আসনে লড়লেও খাতা খুলতে ব্যর্থ হয়েছে।

নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, সভাপতি ও সম্পাদকের মতো দুটি প্রধান পদেই জয়ী হয়েছেন তৃণমূলের শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও অলোক সমাজপতি। এক্সিকিউটিভ মেম্বারের ৭টি আসনের মধ্যে তৃণমূল ও কংগ্রেস ৩টি করে এবং বামেরা ১টি আসনে জয়লাভ করেছে। জয়ের পর নবনির্বাচিত সভাপতি শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “এই জয় আগামী বিধানসভা ভোটের প্রাক্কালে বড় ইঙ্গিত। আইনজীবীরা স্বচ্ছতার পক্ষে ভোট দিয়েছেন।”

অন্যদিকে, জোটের পরাজয় নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। কংগ্রেসের আইনজীবী তারক মুখোপাধ্যায়ের দাবি, কংগ্রেস গতবারের চেয়ে একটি আসন বাড়ালেও বামেরা দু’টি আসন কম পাওয়ায় ক্ষমতা হাতছাড়া হয়েছে। তাঁর মতে, বামেরা নিজেদের আসন ধরে রাখতে পারলে পঞ্চমবারের মতো ক্ষমতা জোটের হাতেই থাকত। প্রসঙ্গত, ৩০ জানুয়ারি এই নির্বাচন সম্পন্ন হয়েছিল এবং ৩ দিনের ম্যারাথন গণনার পর বুধবার চূড়ান্ত ফলাফল সামনে আসে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy