নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক তখনই এক নজিরবিহীন মোড় নিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল আমলের পর এবার তদন্তের খাঁড়া নেমে এল বাম আমলের নিয়োগের ওপর। বাম জমানায় কর্মী নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগে সে সময়ের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়।
বিচারপতির পর্যবেক্ষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই বহু কর্মীকে নিযুক্ত করা হয়েছিল এবং তাঁদের বেতন দেওয়া হয়েছে সরাসরি শিক্ষাখাতের বরাদ্দ টাকা থেকে। বিচারপতি রাই চট্টোপাধ্যায় কড়া ভাষায় জানান, “একজন মন্ত্রীর এই ক্ষমতা নেই যে তিনি নিয়ম বহির্ভূতভাবে কাউকে চাকরিতে নিযুক্ত করতে পারেন।” শিক্ষাখাতের জনহিতকর টাকা এভাবে ব্যক্তিগত সুপারিশে বেতন হিসেবে বণ্টন করা যায় না বলেও আদালত স্পষ্ট করে দিয়েছে।
হাইকোর্টের এই নির্দেশের পর নতুন করে অস্বস্তিতে বাম শিবির। বিশেষ করে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সুপারিশে কীভাবে বছরের পর বছর এই নিয়োগ প্রক্রিয়া চলেছিল এবং কাদের মদতে সরকারি কোষাগারের টাকা এভাবে খরচ করা হয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়কে হাতিয়ার করে আসরে নেমেছে শাসক দল তৃণমূলও। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই তদন্তের ফলে বাম আমলের আরও অনেক ‘গোপন’ ফাইল জনসমক্ষে আসতে পারে, যা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে।