বাড়িতে কুকুর পুষতে গেলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়ম চালু হচ্ছে হাওড়া পুরসভায়

এবার থেকে বাড়িতে কুকুর পুষতে হলে হাওড়া পুরসভা থেকে নিতে হবে লাইসেন্স। এমনটাই ঘোষণা করেছে হাওড়া পুরসভা। কলকাতা পুরসভার আদলে এই নিয়ম চালু করা হয়েছে। অনলাইনে এই লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এবং প্রতি বছর তা নবীকরণ করতে হবে। পুরসভার এই সিদ্ধান্তে শহরের বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এই প্রথমবার পোষ্য কুকুরের জন্য হাওড়া পুরসভায় লাইসেন্স ব্যবস্থা চালু করা হলো। এর আগে কলকাতা পুরসভাতেও এই নিয়ম চালু আছে। তিনি বলেন, “অনেক মানুষ বাড়িতে স্পেশাল ব্রিডের কুকুর পোষেন। এখন থেকে হাওড়া পৌরসভাতেও এর জন্য লাইসেন্স নিতে হবে।” অনলাইনে এই লাইসেন্সের জন্য আবেদন করা যাবে এবং এর বার্ষিক খরচ হবে ১৫০ টাকা। এই লাইসেন্স প্রতি বছর নতুন করে নবীকরণ করতে হবে। পুরসভা চাইছে এই পদক্ষেপের মাধ্যমে কোন কোন বাড়িতে পোষ্য রাখা হচ্ছে তার একটি সঠিক হিসাব রাখতে। শুধু কুকুর নয়, ভবিষ্যতে বিদেশি পাখিদের জন্যও লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে বলে পুরসভা জানিয়েছে।
পুরসভার এই সিদ্ধান্তের পর কুকুরপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই নিয়মকে স্বাগত জানালেও রাস্তার কুকুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, পোষ্যদের জন্য লাইসেন্সে তাদের কোনো আপত্তি নেই। তবে তারা চাইছেন পুরসভা আগে রাস্তার কুকুরের নির্বীজকরণে ব্যবস্থা নিক।
রাস্তার কুকুরদের নিয়ে পুরসভা যে উদ্বিগ্ন, তা জানিয়েছেন চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন, “এটা ঠিক যে শহরে পথ কুকুরের সংখ্যা বেড়েছে। তাদের নির্বীজকরণের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আলোচনা চলছে এবং এ ব্যাপারে শীঘ্রই তাদের সঙ্গে চুক্তি হবে।” এই উদ্যোগের মাধ্যমে পুরসভা একদিকে যেমন পোষ্যদের হিসাব রাখতে চাইছে, অন্যদিকে তেমনি রাস্তার কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করছে।