আইপিএল ২০২৭-এর আগে বড় চমক! দিল্লির ডাগআউটে একসঙ্গে দেখা যাবে মহারাজ সৌরভ ও যুবিকে?

আইপিএল ২০২৭-এর আগে ভারতীয় প্রিমিয়ার লিগের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস (DC) তাদের কোচিং সেটআপে আনতে চলেছে বিরাট পরিবর্তন। একটি সর্বভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মরসুমের জন্য দলের কোচিং টিমে একঝাঁক কিংবদন্তি তারকাকে যুক্ত করার পরিকল্পনা চলছে। যেখানে প্রধান কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিংয়ের নাম জোরালোভাবে উঠে আসছে।
রিপোর্ট বলছে, শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা পেসার চামিন্ডা ভাসকে দলের নতুন বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। পাশাপাশি, আইপিএলের অন্যতম সফল লেগ-স্পিনার অমিত মিশ্রও প্লেয়ারের জীবনকে বিদায় জানিয়ে এবার নতুন ভূমিকায় অর্থাৎ দিল্লির কোচিং স্টাফ হিসেবে যুক্ত হতে চলেছেন। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই তারকাদের সুদীর্ঘ অভিজ্ঞতা দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের গ্রাফ আরও উর্ধমুখী করবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের দুই সহ-মালিক জিএমআর স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং জেএসডব্লিউ স্পোর্টসের মধ্যকার সুনির্দিষ্ট চুক্তির নিয়ম মেনেই এই পরিবর্তন আসছে। প্রতি দুই বছর অন্তর মালিকদের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজির পরিচালনার দায়িত্বে রদবদল করা হয়। এর আগে জিএমআর গ্রুপ ভেনুগোপাল রাও, হেমাঙ্গ বাদানি ও মুনাফ প্যাটেলদের মতো প্রাক্তনদের বিভিন্ন দায়িত্বে এনেছিল। তবে বর্তমান জল্পনা সত্যি হলে, সৌরভ-যুবরাজ জুটির হাত ধরে দিল্লি ক্যাপিটালস শিবির যে আইপিএল ২০২৭-এ এক্কেবারে নতুন অবতারে ধরা দিতে চলেছে, তা বলাই বাহুল্য।