বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে কালো মেঘ দেখা দিয়েছিল, তা কাটিয়ে ওঠার বড় সুখবর শোনাল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশে রান্নার গ্যাসের (LPG) অভ্যন্তরীণ উৎপাদন একলাফে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভবিষ্যতে গ্যাসের চাহিদা মেটাতে ভারতকে আর বিদেশি আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হবে না।
বর্তমানে পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে যখন আমদানিকৃত এলপিজি সরবরাহ নিয়ে সংশয় তৈরি হয়েছিল, ঠিক সেই সময়ই দেশীয় উৎপাদনের এই বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হয়ে এল। আধিকারিক অরিন্দম প্রধান জানিয়েছেন, কেন্দ্র অত্যন্ত পরিকল্পিতভাবে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলি থেকে উত্তোলন বাড়িয়েছে। এর ফলে খোলা বাজারে বা রেশন দোকানে গ্যাসের জোগান স্বাভাবিক থাকবে। অর্থাৎ, সরবরাহ কমে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার কোনো ভিত্তি নেই বলেই আশ্বস্ত করেছে মোদী সরকার।