বাজকলে রক্তক্ষয়ী সংঘর্ষ! পড়ুয়াদের র‍্যালিতে হামলা ও অফিস ভাঙচুরের ঘটনায় তোলপাড় রাজ্য

পূর্ব মেদিনীপুরের বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের র‍্যালি ও সম্মেলনকে কেন্দ্র করে ভয়াবহ হিংসার ঘটনা ঘটল। রবিবার আয়োজিত এই কর্মসূচিতে এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। দুই ছাত্র সংগঠনের রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক পড়ুয়া আহত হয়েছেন, যা নিয়ে গোটা রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।

এআইডিএসও (AIDSO)-র পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সুরক্ষার দাবিতে আয়োজিত ওই শান্তিপূণ মিছিলে প্রায় দু’শো ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন। অভিযোগ, সেই মিছিলে লাঠি ও লোহার রড নিয়ে চড়াও হয় এবিভিপি কর্মীরা। শুধু তাই নয়, কলেজের বাইরে থাকা সংগঠনের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সম্মেলনস্থল সম্পূর্ণ তছনছ করা হয়। এই হামলায় একশো জনের বেশি ছাত্রছাত্রী গুরুতর জখম হয়েছেন এবং তাদের মধ্যে পঁচিশজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। হামলায় এসইউসিআই (সি)-র পূর্ব মেদিনীপুর দক্ষিণ জেলা সম্পাদক অশোকতরু প্রধানও আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার পাল্টা হিসেবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) দাবি করেছে যে, এআইডিএসও-র সম্মেলনে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক উসকানিমূলক মন্তব্য করা হয়েছিল, যার জেরে এই উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা প্রশমনে এলাকায় পুলিশি নজরদারি জারি রয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এদিকে, এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এআইডিএসও।