প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে যৌন হেনস্থা! খোদ বিএমওএইচের গ্রেফতারিতে কাঁপল স্বাস্থ্যমহল

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কর্মরত অবস্থায় এক নার্সকে মারধর এবং যৌন হেনস্থা করার মতো চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতার হলেন খোদ ব্লক মেডিকেল অফিসার অব হেলথ (BMOH)। এই ঘটনায় জেরে রাজ্যজুড়ে স্বাস্থ্যমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নতুন সরকারের কড়া প্রশাসনিক বার্তার পর তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ অভিযুক্ত স্বাস্থ্য আধিকারিককে পাকড়াও করে। আজই ধৃতকে আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই নারী পেশায় একজন কমিউনিটি হেলথ অফিসার এবং একটি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। গত বৃহস্পতিবার কিছু জরুরি দাপ্তরিক কাগজপত্র সংগ্রহের জন্য তিনি গড়বেতা বিএমওএইচ অফিসে গিয়েছিলেন। অভিযোগ, নথি হস্তান্তর করার ঠিক সেই মুহূর্তে বিএমওএইচ ডঃ প্রবীর কুমার বাউরী তাঁকে প্রেমের কুপ্রস্তাব দেন। নার্স সেই প্রস্তাবে পরিষ্কার আপত্তিকর ও অনৈতিক জানিয়ে তা প্রত্যাখ্যান করেন। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওই স্বাস্থ্য আধিকারিক তাঁর ওপর চড়াও হন এবং শারীরিক হেনস্থা ও মারধর করেন বলে অভিযোগ।

প্রাথমিকভাবে সামাজিক সম্মানের কথা চিন্তা করে নির্যাতিতা কিছুটা পিছিয়ে এলেও, পরিবারের নিরঙ্কুশ সমর্থনে তিনি রবিবার গরবেতা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নথিভুক্ত হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। অপরাধের গুরুত্ব বুঝে অভিযুক্ত চিকিৎসক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, গরবেতা থানার একাধিক পুলিশ দল যৌথভাবে তল্লাশি চালিয়ে রবিবার গভীর রাতেই তাঁকে গ্রেফতার করে। জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী জানিয়েছেন যে, এর আগেও এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। ফলে এই ঘটনায় শুধু পুলিশি পদক্ষেপই নয়, বরং বিভাগীয় স্তরেও অত্যন্ত কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।