সংসদে আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা মানেই জনস্বার্থের নতুন কোনো ইস্যু। এবার তিনি সরব হলেন ‘পিতৃত্বকালীন ছুটি’ বা Paternity Leave নিয়ে। রাঘবের দাবি, সন্তানের জন্মের পর কেবল মায়ের ওপর যত্নের সবটুকু বোঝা চাপিয়ে দেওয়া অন্যায়। বাবারাও যাতে নবজাতকের যত্ন নিতে পারেন, তার জন্য পিতৃত্বকালীন ছুটিকে আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন তিনি।
নিজের ‘এক্স’ হ্যান্ডেলে রাঘব লিখেছেন, “সন্তানের জন্ম হলে বাবা-মা দুজনকেই অভিনন্দন জানানো হয়, কিন্তু দায়িত্ব পালন করেন কেবল মা। একজন বাবাকে কেন চাকরি এবং সন্তানের যত্নের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে?” তিনি আরও মনে করেন, প্রসব-পরবর্তী সময়ে স্ত্রীর জন্য স্বামীর সান্নিধ্য সবচেয়ে জরুরি। কেবল ছুটি নয়, এর আগে ব্যাঙ্কের মিনিমাম ব্যালেন্স চার্জ প্রত্যাহার, খাদ্যে ভেজাল রোখা এবং বিমানবন্দরের খাবারের চড়া দাম নিয়েও সংসদে সওয়াল করেছেন রাঘব। সাধারণ মানুষের প্রাত্যহিক সমস্যাগুলো বারবার তুলে ধরে তিনি এখন সংসদীয় রাজনীতির অন্যতম চর্চিত মুখ।





