বাচ্চাকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক! নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল দ্রুত গতির প্রাইভেট কার, পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আষাড়ী লোয়াদা রাজ্য সড়কের ওপর চককাশী এলাকায় মঙ্গলবার বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। রাস্তার ওপর দিয়ে পেরোনো এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি দ্রুত গতির প্রাইভেট কার।

জানা যাচ্ছে, এদিন বিকেল ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় একটি বাচ্চা ছেলে রাস্তা পেরোচ্ছিল। অন্যদিকে দ্রুত গতিতে ছুটে আসছিল প্রাইভেট গাড়িটি। বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে চালক সজোরে ব্রেক কষেন, কিন্তু গাড়ির গতিবেগ সামলাতে না পেরে সেটি পাশের নয়নজুলিতে উল্টে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় ডেবরা থানার পুলিশ। তাঁরা এসে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে নয়নজুলি থেকে উদ্ধার করে। যদিও শিশুটিকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে যাওয়ায় কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।