আসন্ন নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার হুঙ্কার দিলেন জে ইউ পি (JUP) প্রধান হুমায়ুন কবীর। বুধবার আসাউদ্দিন ওয়েইসিকে পাশে বসিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করার সময় রীতিমতো চড়া সুরে আক্রমণ শানান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘মুখে সোনার চামচ নিয়ে জন্মানো’ বলে কটাক্ষ করার পাশাপাশি নওদার গোষ্ঠীকোন্দল নিয়েও সরব হন হুমায়ুন। তার স্পষ্ট কথা, “মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার হারাবোই।”
এদিন মিম-এর সঙ্গে আসন সমঝোতা করে রাজ্যের ১৫০টিরও বেশি কেন্দ্রে লড়াইয়ের ঘোষণা করেন তিনি। নিজে লড়ছেন রেজিনগর ও নওদা আসন থেকে। ভোটারদের টানতে বড় চমক দিয়েছে তার দল। ইশতেহারে জানানো হয়েছে, ক্ষমতায় এলে মহিলাদের মাসে সাড়ে ৩ হাজার টাকা ভাতা এবং বাড়ি তৈরির জন্য সরাসরি ২ লক্ষ টাকা দেওয়া হবে। ওয়েইসির উপস্থিতিতে হুমায়ুনের এই আক্রমণ এবং বড় প্রতিশ্রুতি তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল ধরাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।





