বাংলায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা, জিএসটি সংস্কারের সুফল তুলে ধরবেন!

আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তার সফরের মূল উদ্দেশ্য, নতুন জিএসটি (GST) সংস্কারের সুফল জনগণের কাছে তুলে ধরা। বিজেপি সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর তিনি কলকাতায় পৌঁছাবেন এবং রাজ্যের সাংবাদিক ও জনসাধারণের সঙ্গে বৈঠক করবেন।

২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে। এবার ১২% ও ২৮% হারে জিএসটি থাকবে না। নতুন স্ল্যাবের মধ্যে ৫%, ১৮% এবং ৪০% জিএসটি থাকবে। কেন্দ্র এই সংস্কারকে ‘নেক্সট জেন জিএসটি রিফর্ম’ হিসেবে উল্লেখ করেছে।

এই নতুন নিয়মের ফলে অনেক জিনিসের ওপর কর কমছে বা সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে। স্বাস্থ্যবিমা ও জীবন বিমা থেকে জিএসটি সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও ৩৩টি জীবনদায়ী ওষুধ, পাউরুটি, রুটি-পরোটা এবং পনিরের মতো কিছু জিনিসের ওপর থেকে জিএসটি ৫% থেকে শূন্য করা হয়েছে। এই পদক্ষেপগুলো সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের ওপর থেকে করের বোঝা কমাবে।

রাজনৈতিক মহলের মতে, নির্মলা সীতারমনের এই সফর শুধু জিএসটি প্রচারের জন্যই নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে কেন্দ্রীয় সরকারের উপস্থিতি আরও দৃঢ় করার একটি পরিকল্পনা। দুর্গাপূজা ও কালীপূজার পর বিজেপি রাজ্যে বড় রাজনৈতিক কর্মসূচি শুরু করবে। নির্মলা সীতারমনের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও বাংলায় আসবেন বলে জানা গেছে।