বাংলাদেশি সন্দেহে উত্তরপ্রদেশে আটক মুর্শিদাবাদের ১৮ জন শ্রমিক! মুক্তি পেতে যা ঘটল…

উত্তরপ্রদেশে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১৮ জন পরিযায়ী শ্রমিককে। তবে স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীরের তৎপরতায় এবং জেলা পুলিশের দ্রুত পদক্ষেপে তাঁরা নিজেদের পরিচয় প্রমাণ করতে সক্ষম হন এবং মুক্তি পান।

জানা গেছে, আটক হওয়া শ্রমিকদের মধ্যে ১৫ জন বহরমপুরের এবং বাকি ৩ জন শক্তিপুর ও সালারের বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা উত্তরপ্রদেশে গিয়েছিলেন। সেখানে তাঁদের আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় পড়েন এবং দ্রুত বিধায়ক হুমায়ুন কবীরের কাছে সাহায্য চান।

দ্রুত পদক্ষেপ, নিশ্চিত মুক্তি
বিধায়ক হুমায়ুন কবীর বিষয়টি জানতে পেরেই জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে ওই শ্রমিকদের আধার কার্ড, ভোটার কার্ড-সহ সমস্ত পরিচয়পত্রের নথি উত্তরপ্রদেশে পাঠানো হয়। নথি যাচাই করার পর তাঁদের ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত করা হয় এবং সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হয়। এরপর তাঁদের সকলের বাড়ি ফিরে আসার ব্যবস্থা করা হয়।

বিজেপি-কে কটাক্ষ বিধায়কের
এই ঘটনার পর বিধায়ক হুমায়ুন কবীর বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, “ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর এভাবে অত্যাচার চলছে। বিজেপি যতদিন ক্ষমতায় আছে, ততদিন বাংলার শ্রমিকদের এভাবেই হেনস্তা হতে হবে। বিজেপি পরাজয়ের মুখ দেখলেই এই ধরনের কাজ বন্ধ করবে।”