বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক রাসায়নিক! রহস্যজনক ভাবে ফাঁস বড়সড় ছক?

চিন থেকে বাংলাদেশের দিকে যাওয়ার পথে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক-সহ একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। উদ্ধার হওয়া রাসায়নিকের পরিমাণ দিয়ে প্রায় ১০০টি মিসাইল তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন নৌবাহিনীর এক কমান্ডার। পাশাপাশি জাহাজটি থেকে কয়েক লক্ষ আন-রেজিস্টার্ড সিম কার্ডও মিলেছে। এই বিপুল সামগ্রী বাংলাদেশে কার উদ্দেশে পাঠানো হচ্ছিল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

কীভাবে ধরা পড়ল জাহাজটি? ঢাকার সংবাদমাধ্যম ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ ও ‘ঢাকা ট্রিবিউন’-এর সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইনস’ নামের জাহাজটি চিনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ৮ নভেম্বর সেটির মোংলায় পৌঁছনোর কথা ছিল।

কিন্তু ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ানের কাছে ইন্দোনেশিয়ার জলসীমায় জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয় নৌবাহিনীর কর্মীদের। জ্বালানি নেওয়ার অজুহাতে জাহাজটি নির্ধারিত পথের বাইরে অনির্ধারিত যাত্রাবিরতি করেছিল বলে জানা গিয়েছে। এরপরই সেটিতে তল্লাশি চালানো হয়। গত ২০ নভেম্বর বেলাওয়ানে নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর সদর দফতরে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

জাহাজের কন্টেনারে কী মিলেছে? নৌবাহিনীর তল্লাশিতে জাহাজটির ৩৬টি কন্টেনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গিয়েছে। এটি একটি শক্তিশালী অক্সিডাইজার, যা মূলত রকেট ও মিসাইলের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। এ ছাড়াও ৫৪টি প্যালেটে কয়েক লক্ষ আন-রেজিস্টার্ড ফাঁকা 4G LTE সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনী।

প্রশ্ন উঠছে উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক মহল ও প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মতে, এই ঘটনা বেশ কয়েকটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। বাংলাদেশে গোলাবারুদ ও ছোট আগ্নেয়াস্ত্র তৈরির পরিকাঠামো থাকলেও, সোডিয়াম পারক্লোরেট ব্যবহার করে রকেট বা মিসাইল তৈরির প্রয়োজনীয় পরিকাঠামো দেশটিতে নেই। এমন পরিস্থিতিতে এত বিপুল পরিমাণ সংবেদনশীল রাসায়নিক এবং সিম কার্ড ঠিক কী কারণে ও কার জন্য বাংলাদেশে পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।