‘ওদের ঐতিহ্যবোধই নেই’—শিব-পার্বতীর ভাস্কর্য পোস্ট করে BJP-RSS-কে নিশানা রাহুলের, কেন এই চমক?

ভারতীয় জনতা পার্টি (BJP) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS)-এর বিরুদ্ধে ফের সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গেরুয়া শিবিরের বিরুদ্ধে জাতপাতের মানসিকতা, লোভ এবং পুরুষতান্ত্রিক চিন্তাধারার অভিযোগ তুলে রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করেন তিনি। পোস্টের সঙ্গে মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহার অর্ধনারীশ্বর মূর্তির একটি ভাস্কর্যের ছবিও শেয়ার করেছেন কংগ্রেস নেতা।
X-এ কী লিখলেন রাহুল গান্ধী? রবিবার সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, যাঁরা ভারতের আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যকে প্রকৃত অর্থেই বুঝেছেন, তাঁদের কাছে পুরো বিষয়টি স্পষ্ট। তাঁর অভিযোগ, বিজেপি ও RSS কর্মীদের আসলে ভারতের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই। তাঁরা অপসংস্কৃত, লোভ ও জাতপাতের মানসিকতায় বিশ্বাসী এবং পুরুষতান্ত্রিক চিন্তাধারার মানুষ। রাহুলের দাবি, ভারতের প্রাচীন ইতিহাস ও আধ্যাত্মিকতা তাঁদের চিন্তাধারার তুলনায় কয়েক যোজন এগিয়ে।
অর্ধনারীশ্বরের ছবি পোস্ট করার তাৎপর্য হিন্দু ধর্মীয় ঐতিহ্যে অর্ধনারীশ্বর হলেন শিব ও পার্বতীর এক মিলিত রূপ, যেখানে শরীরের এক দিক পুরুষ এবং অন্য দিক নারী। এই রূপের মাধ্যমে শিব ও শক্তির মিলন, নারী-পুরুষের সমান গুরুত্ব এবং একে অপরের পরিপূরক হওয়ার ধারণা ফুটে ওঠে।
সাম্প্রতিক সময়ে রাহুলের এই ধরনের ভাস্কর্য পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এর আগে গত মঙ্গলবারও তিনি শিব-পার্বতীর একটি মন্দিরের ভাস্কর্যের ছবি পোস্ট করেছিলেন, যেখানে পার্বতীকে শিবের কোলে বসে থাকতে দেখা গিয়েছিল।
বিতর্কের সূত্রপাত যেভাবে গত সপ্তাহে মা সোনিয়া গান্ধীর বই ‘Belonging: A Journey of Love’-এর প্রকাশ অনুষ্ঠানে বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর সম্পর্ক নিয়ে শৈশবের একটি স্মৃতি ভাগ করে নিয়েছিলেন রাহুল। তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় খেতে বসার সময় তাঁর মা সোনিয়া গান্ধী বাবা রাজীব গান্ধীর কোলে বসতেন এবং ভালোবাসার সম্পর্কে এটিকেই তিনি স্বাভাবিক বলে জানতেন। ছোটবেলায় তিনি ভাবতেন সব বাবা-মায়ের মধ্যেই এমন মধুর সম্পর্ক থাকে, তবে বন্ধুদের বাড়িতে গিয়ে ভিন্ন ছবি দেখে অবাক হয়েছিলেন।
রাহুলের ওই মন্তব্যের পরই বিজেপির একাধিক নেতা তাঁর সমালোচনায় সরব হন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও রাহুলের বক্তব্যের কড়া সমালোচনা করে দাবি করেন যে, এতে সোনিয়া গান্ধীকে অস্বস্তিতে ফেলা হয়েছে।
তার জবাবে গত ১৭ নভেম্বর রাহুল বলেছিলেন, বিজেপি ও RSS সমর্থকদের মনে ভয়, রাগ ও ঘৃণা এঁটে বসেছে, যার কারণে তাঁরা ভালোবাসার বহিঃপ্রকাশ করতে বা তা মেনে নিতে পারেন না। একজন প্রকৃত হিন্দু হিসেবে তিনি তাঁদের এই মানসিকতা থেকে মুক্ত করতে চান বলেও মন্তব্য করেছিলেন। সেই ধারাবাহিকতাতেই এবার অর্ধনারীশ্বরের ছবি দিয়ে ফের BJP ও RSS-কে নিশানা করলেন কংগ্রেস নেতা।