“নিষিদ্ধ রং, হলুদে অতিরিক্ত টিন!”-রোজকার খাওয়ার জিনিসে কী মিলল? চমকে দেবে FSSAI-র রিপোর্ট

রোজকার ব্যবহৃত পানীয় জল থেকে শুরু করে মশলা, বিস্কুট বা আখরোট—খাদ্যপণ্যে ভেজাল, কীটনাশক এবং ক্ষতিকর রাসায়নিকের অভিযোগে দেশের মোট সাতটি সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। তালিকায় রয়েছে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-সহ আরও ছয়টি খাদ্য প্রস্তুতকারক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। কোনো সংস্থার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে, কোথাও পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ এসেছে, আবার কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিসলেরির জল নিয়ে কী জানাল FSSAI? FSSAI-এর তথ্য অনুযায়ী, বিসলেরি ইন্টারন্যাশনালের উৎপাদন কেন্দ্র থেকে পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ অনুযায়ী নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করা হয়। সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হলে সেখানেও এটিকে পানের অযোগ্য বলে জানানো হয় এবং পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতির কথা উল্লেখ করা হয়। এর পরেই সংস্থার বিরুদ্ধে মামলার পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা।

মশলা ও আখরোটেও অনিয়ম বিসলেরির পাশাপাশি আরও বেশ কয়েকটি সংস্থার পণ্যে গরমিল ধরা পড়েছে:

  • লঙ্কার গুঁড়ো: ভাসন্ত মশলা প্রাইভেট লিমিটেডের ‘কুমথি কাশ্মীরি’ ব্র্যান্ডের লঙ্কার গুঁড়োয় নির্ধারিত সীমার চেয়ে বেশি ডাইফেনোকোনেজোল নামের কীটনাশকের অবশিষ্টাংশ মিলেছে। একইভাবে টিট-বিট ফুডস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের ‘শঙ্খেশ্বরী’ ব্র্যান্ডের প্যাকেটজাত লঙ্কার গুঁড়োতেও অতিরিক্ত কীটনাশক পাওয়া গিয়েছে। দুটি ক্ষেত্রেই মামলার অনুমোদন দিয়েছে FSSAI।

  • হলুদ গুঁড়ো: টিট-বিট ফুডসের প্যাকেটজাত হলুদ গুঁড়োয় নির্ধারিত সর্বোচ্চ সীমা (প্রতি কেজিতে ০.০১ মিলিগ্রাম)-র তুলনায় বেশি টিন (প্রতি কেজিতে ০.০১৪ মিলিগ্রাম) পাওয়া গিয়েছে। এই ঘটনায়ও মামলা শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

  • আখরোট: মীমাংসা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের আখরোটে পোকার ক্ষতি, অতিরিক্ত আর্দ্রতা, তেলের উচ্চ অম্লতা এবং বাসি হওয়ার লক্ষণ ধরা পড়ায় সেটিকে নিম্নমানের ও অনিরাপদ ঘোষণা করা হয়েছে।

কুকিজে নিষিদ্ধ রং, দুই সংস্থার লাইসেন্স স্থগিত আশা কনফেকশনারির প্যাকেটজাত চকোলেট কুকিজ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। পরীক্ষায় দেখা গিয়েছে, প্যাকেটের লেবেলে উল্লেখ করা শর্করার তথ্যের সঙ্গে বাস্তবের অমিল রয়েছে, কার্নোসিন থাকলেও তা লেবেলে লেখা নেই, টার্ট্রাজিন নির্ধারিত সীমার বেশি এবং ওই পণ্যে ব্যবহারের অনুমতি নেই এমন সানসেট ইয়েলো এফসিএফ রং মিলেছে। সংশ্লিষ্ট ব্যাচের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে উর্মি লাইফসায়েন্সেস এলএলপি-র লাইসেন্স অবিলম্বে স্থগিত করা হয়েছে। কারখানায় মাকড়সার জাল, ধুলোর আস্তরণ, মেঝেতে পণ্য রাখা এবং অনুমোদনহীন পণ্য তৈরির মতো অনিয়ম দেখে সংস্থাটিকে মাত্র ১৫ শতাংশ কমপ্লায়েন্স স্কোর দেওয়া হয়।

একইভাবে অনুমোদন ছাড়াই লাল চন্দন, সাদা চন্দন, মর্দা সিংহী, টগর গুঁড়ো ও কপার সালফেট প্যাকেটজাত করা এবং প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় গৌর আয়ুর্বেদিক স্টোর-এর লাইসেন্সও স্থগিত করেছে FSSAI। পরিদর্শনে সংস্থাটির কমপ্লায়েন্স স্কোর ছিল ২৮ শতাংশ।

বিসলেরির পাল্টা দাবি: ‘আমাদের জল সম্পূর্ণ নিরাপদ’ FSSAI-এর এই পদক্ষেপ সামনে আসার পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসলেরি ইন্টারন্যাশনাল। সংস্থার দাবি, বিতর্কটি প্রায় ১৪ মাস আগের—২০২৫ সালের সেপ্টেম্বরে গোয়ার একটি উৎপাদন কেন্দ্রের নির্দিষ্ট ব্যাচের জল নিয়ে। সংস্থার বক্তব্য অনুযায়ী, মোট ১৪৩টি ইউনিটের মধ্যে গোয়ার ওই কেন্দ্র থেকে সংগৃহীত ছ’টি নমুনার মধ্যে পাঁচটিই সব মানদণ্ড পূরণ করেছিল; একটি নমুনায় ব্রোমেট প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম পাওয়া যায়, যেখানে সর্বোচ্চ সীমা ১০ মাইক্রোগ্রাম।

বিসলেরি আরও জানিয়েছে, রেফারেল ল্যাব ও পরে তাদের নিজস্ব উদ্যোগে একটি অনুমোদিত স্বাধীন ল্যাবে পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই ছিল। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি স্বাধীন ল্যাবের রিপোর্ট-সহ FSSAI-এর পশ্চিমাঞ্চলীয় দফতরে চিঠি পাঠানোর পর আর কোনো যোগাযোগ না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই ধরে নিয়েছিল সংস্থা। এমনকি সাম্প্রতিক নোটিসও তারা পায়নি বা ওয়েবসাইটে দেখেনি বলে দাবি করেছে। সংস্থার মতে, তাদের উৎপাদন প্রক্রিয়ায় ১০টি ধাপে ৯০টিরও বেশি পরীক্ষা করা হয় এবং তাঁদের পানীয় জল সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যকর।