দার্জিলিংয়ের ভিড় ছেড়ে ১০,১৩০ ফুটে মেঘের রাজ্য! জানলার বাইরে কাঞ্চনজঙ্ঘা, চেনেন টোংলু?

দার্জিলিং বলতেই চোখের সামনে ভেসে ওঠে ম্যাল রোডের ভিড়, কেভেন্টার্সের লম্বা লাইন আর টাইগার হিলে সূর্যোদয় দেখার হুড়োহুড়ি। বছরের পর বছর একই জায়গায় ঘুরতে ঘুরতে কি একঘেয়ে লাগছে? পাহাড়ে গিয়ে যদি কোলাহল ও যানজট এড়িয়ে নিরিবিলি সময় কাটাতে চান, তবে এবার গন্তব্য বদলান। চলে যান মেঘের রাজ্যে, যেখানে পাখির ডাকে ঘুম ভাঙবে, জানলার বাইরে ভাসবে মেঘ আর সামনে দাঁড়াবে কাঞ্চনজঙ্ঘা। জায়গাটির নাম টোংলু।

দার্জিলিংয়ের কাছে প্রায় ১০,১৩০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্বল্প পরিচিত পাহাড়ি জনপদ প্রকৃতিপ্রেমীদের কাছে এক টুকরো স্বর্গ। সান্দাকফু যাওয়ার পথে মানেভঞ্জন পেরিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই ছোট্ট গ্রামে। দার্জিলিং থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এখানে পৌঁছলে মনে হবে ব্যস্ত শহর ছেড়ে মেঘের দেশে এসে পড়েছেন।

টোংলুর বড় আকর্ষণ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে হিমালয়ের বিস্তৃত পর্বতশ্রেণি, ভোরের সোনালি রোদে বরফঢাকা চূড়া, বিখ্যাত ‘স্লিপিং বুদ্ধা’ এবং দূরের এভারেস্ট শৃঙ্গও চোখে পড়ে। সকালে রোদ, দুপুরে মেঘ আর বিকেলে ঘন কুয়াশা—প্রকৃতির এই রূপবদল পর্যটকদের মুগ্ধ করে। পাইন ও রডোডেনড্রনের বন পেরিয়ে হাঁটলে মনে হয় রূপকথার জগতে আছেন। গাড়ির হর্ন বা হোটেলের কোলাহল নেই; আছে পাহাড়ি হাওয়া, পাখির ডাক এবং আলোকদূষণমুক্ত তারায় ভরা রাতের আকাশ। ট্রেকিংপ্রেমীরা মানেভঞ্জন থেকে হেঁটেও উঠতে পারেন, তবে উচ্চতা ও আবহাওয়া বুঝে প্রস্তুতি নেওয়া জরুরি।

কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে টোংলু যেতে পারেন বিমান (বাগডোগরা), ট্রেন (এনজেপি বা শিলিগুড়ি জংশন) অথবা বাসে (শিলিগুড়ি তেনজিং নোরগে টার্মিনাস) চেপে। শিলিগুড়ি বা এনজেপি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মানেভঞ্জন গিয়ে স্থানীয় ল্যান্ড রোভার বা চার চাকার গাড়িতে কিংবা গাইড নিয়ে ট্রেক করে টোংলু পৌঁছনো যায়।

থাকার জন্য রয়েছে সীমিত সংখ্যক ট্রেকার্স হাট ও হোমস্টে, যেখানে ঘরোয়া পাহাড়ি খাবার ও আন্তরিক আতিথেয়তা মেলে। আসন কম হওয়ায় আগে থেকেই বুকিং করা ভালো। অক্টোবর থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে মে ভ্রমণের সেরা সময়; শীতে তুষারপাতের সম্ভাবনা থাকলেও বর্ষায় বৃষ্টি ও কুয়াশায় যাতায়াতে সমস্যা হতে পারে। তাই চেনা দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে এবার টোংলুতে কাটিয়ে আসুন শান্তির কয়েকটা দিন।