বিধানসভা নির্বাচনের আগে টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। শনিবার কলকাতায় এক জনাকীর্ণ সাংবাদিক বৈঠকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলার বর্তমান ক্রীড়া পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিলেন এই অলিম্পিক পদকজয়ী তারকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে জাতীয় সেবার সংকল্প নিয়ে তিনি স্পষ্ট জানালেন, “আমি আদ্যন্ত বাঙালি, আর এই বাংলাকে আমি বৃদ্ধাশ্রম হতে দেব না।”
বাংলার ক্রীড়া দৈন্য নিয়ে প্রশ্ন:
লিয়েন্ডার এদিন আক্ষেপের সুরে বলেন, “কলকাতায় টেনিসের জন্য কোনও আলাদা স্টেডিয়াম নেই, নেই কোনও ইনডোর কোর্ট। ১০০ বছরে বাংলা থেকে মাত্র ৪ জন অলিম্পিক পদক পেয়েছে। এই পরিকাঠামো নিয়ে যুব সমাজ এগোবে কী করে?” তাঁর লক্ষ্য, আগামী ২০ বছরের মধ্যে ২৫০ মিলিয়ন শিশুর ভবিষ্যৎ গড়া এবং ২০৩৬ সালের অলিম্পিকে ভারতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।
মেসি বিতর্ক ও বাঙালিয়ানা:
লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে হওয়া বিতর্ক প্রসঙ্গে লিয়েন্ডার বলেন, “মেসিকে এখানে এসে অসম্মানিত হতে হয়েছে। যদি সৌরভ বা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মতো ক্রীড়াবিদরা এই আয়োজনের দায়িত্বে থাকতেন, তবে এমনটা হতো না।” নিজের বাঙালিয়ানা নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে তাঁর সটান জবাব, “আমি সৌরভ গঙ্গোপাধ্যায় নই ঠিকই, কিন্তু আমি এই দেশেরই সন্তান। বাংলার যুবকদের কর্মমুখী করে তোলাই এখন আমার প্রধান চ্যালেঞ্জ।”





