নজিরবিহীন দৃশ্য সুপ্রিম কোর্টে! আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবার নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু— এসআইআর (SIR) এবং ভোটার তালিকা সংশোধন। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় কমিশন এবং বিজেপি-র বিরুদ্ধে বঞ্চনা ও পক্ষপাতিত্বের বিস্ফোরক অভিযোগ আনলেন।
সুপ্রিম কোর্টে মমতার ধারাল সওয়াল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতির সামনে প্রশ্ন তোলেন, “শুধুমাত্র বিরোধীরা যেখানে ক্ষমতায়, সেই চারটি রাজ্যেই কেন এসআইআর করা হচ্ছে? বাংলাকে আলাদা করে টার্গেট করা হচ্ছে কেন? অনুপ্রবেশের অভিযোগ যদি থাকে, তবে অসম বা ত্রিপুরার মতো বিজেপি শাসিত সীমান্ত রাজ্যগুলিতে কেন এই প্রক্রিয়া চলছে না?” মমতা সরাসরি অভিযোগ করেন, বাংলাই দেশের একমাত্র রাজ্য যেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
১০০ জনের মৃত্যুর অভিযোগ ও বুলডোজার বিতর্ক: মমতা এদিন অত্যন্ত আবেগঘনভাবে আদালতকে জানান, এসআইআর প্রক্রিয়ার জেরে হওয়া অশান্তি ও চাপে অন্তত ১০০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে বিএলও-রাও রয়েছেন। তাঁর অভিযোগ, “বাংলার মানুষকে বুলডোজার দিয়ে পিষে মারা হচ্ছে। ইআরও (ERO) বা ডিএম-দের হাতে কোনো ক্ষমতা রাখা হয়নি। বিজেপি শাসিত রাজ্য থেকে অবজারভার এনে কাজ চালানো হচ্ছে।”
প্রধান বিচারপতির হস্তক্ষেপ: মমতার দীর্ঘ সওয়াল শোনার পর প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, “আধার কার্ড সংক্রান্ত বিষয়ে আমরা আগেই মতামত দিয়েছি। আপনি একটি বিশেষজ্ঞ দল বা টিম তৈরি করে দিন, যাদের নির্বাচন কমিশন ডেপুটেশনে নেবে। ভোটার তালিকায় বানান ভুলের মতো প্রযুক্তিগত সমস্যাগুলো তারা খতিয়ে দেখবে।” মুখ্যমন্ত্রীর এই সওয়াল ২০২৬-এর নির্বাচনী আবহে এক নতুন মাত্রা যোগ করল।