বাঁকুড়ায় রিলস বানাতে গিয়ে রক্তারক্তি! এসপি অফিসের সামনেই বাইক নিয়ে ছিটকে পড়ল ৪ যুবক

বাঁকুড়ায় লাইক আর ভিউয়ের নেশায় ফের বড়সড় বিপত্তি। সোমবার রাতে বাঁকুড়া সদর থানার চাঁদমারিডাঙায় পুলিশ সুপার অফিসের সামনেই এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৪ জন যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, চারটি বাইকে সওয়ার হয়ে রিলস তৈরি করতে করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

রিলস বানাতে গিয়েই কাল? প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে বাইক চালানোর পাশাপাশি ওই যুবকেরা মোবাইল ফোনে ভিডিও শ্যুট করছিলেন। ভারসাম্য হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে তাঁরা রাস্তার ওপর ছিটকে পড়েন। আহতদের মধ্যে ৩ জনের বাড়ি বাঁকুড়ার রবীন্দ্র সরণী এলাকায় এবং ১ জন নতুনচটির বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে গভীর রাতেই দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৩ জন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

তদন্তে পুলিশের হাতিয়ার মোবাইল ভিডিও ঘটনাস্থল থেকে পুলিশ দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। তদন্তকারীদের অনুমান, দুর্ঘটনার ঠিক আগে মোবাইলে কী ধরণের ভিডিও শ্যুট হচ্ছিল, তা দেখলেই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় বাঁকুড়া শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়া রিলসের এই বিপজ্জনক প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের সচেতন নাগরিকরা।