উত্তর কলকাতার বরানগর থানার দেশবন্ধু রোড (পূর্ব) এলাকায় এক যুবককে ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের দাবি, গত সোমবার রাতে অর্পণ দত্ত ও গোপা সহ বেশ কয়েকজন তাঁর ফ্ল্যাটে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এরপর বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে তাঁকে জোর করে টোটোতে তুলে বনহুগলী যুবক সংঘ সংলগ্ন একটি গোডাউনের সামনে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, সেখানে INTTUC নেতা শঙ্কর রাউতের প্ররোচনায় সুদীপ্তকে হাঁটু গেড়ে বসিয়ে মারধর করা হয় এবং মোটা অঙ্কের তোলা দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাঁর পকেট থেকে নগদ কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। বিজেপি নেতা সজল ঘোষ ভিডিও পোস্ট করে শাসক দলকে কড়া আক্রমণ শানিয়েছেন।
পাল্টা দাবিতে অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর রাউত জানান, কোনো মারধর নয়, বরং সুদীপ্ত অনেকের থেকে টাকা নিয়ে কাজ না করায় আলোচনার জন্য ডাকা হয়েছিল। যদিও বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী স্পষ্ট করেছেন, এই ঘটনার সাথে দলের কোনো যোগ নেই এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বর্তমানে উভয় পক্ষই বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেছে।