বয়স বাড়লেও মা হওয়া সম্ভব! জানেন কী এই আধুনিক এগ ফ্রিজিং পদ্ধতি ও এর খরচ?

এগ ফ্রিজিং বা ওসাইট ক্রায়োপ্রিজারভেশন হলো এমন একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি, যেখানে নারীর ডিম্বাশয় থেকে নিষিক্ত না হওয়া ডিম্বাণু সংগ্রহ করে অত্যন্ত কম তাপমাত্রায় হিমায়িত অবস্থায় দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হয়। পরে সন্তান নিতে চাইলে সেই সংরক্ষিত ডিম্বাণু ব্যবহার করে গর্ভধারণের চেষ্টা করা যায়। বিশ্বে এর জনপ্রিয়তা বাড়লেও বাংলাদেশে এটি মূলত চিকিৎসাজনিত কারণেই বেশি ব্যবহৃত হচ্ছে।
কেন নারীরা এগ ফ্রিজিং করেন?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। তাই ভবিষ্যতে সন্তান নেওয়ার সুযোগ ধরে রাখতে অনেকেই এগ ফ্রিজিং করেন। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়ার আগে ডিম্বাশয়ের কার্যক্ষমতা রক্ষার্থে অনেক নারী এই পথ বেছে নেন। ব্যক্তিগত পছন্দ, পড়াশোনা বা ক্যারিয়ারের কারণে যারা এখনই সন্তান নিতে চান না, তারা ‘সোশ্যাল এগ ফ্রিজিং’ করে থাকেন।
পদ্ধতি ও খরচ:
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর হরমোনের ইনজেকশনের মাধ্যমে ডিম্বাশয়ে বেশি ডিম্বাণু তৈরি ও পরিপক্ব করা হয়। এরপর যোনিপথ দিয়ে সূক্ষ্ম সূচের সাহায্যে ডিম্বাণু সংগ্রহ করে মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। বাংলাদেশে বিশেষজ্ঞদের মতে, ডিম্বাণু সংগ্রহ করতে প্রায় ৩.৫০ থেকে ৩.৭০ লক্ষ টাকা খরচ হয়। এর বাইরে বার্ষিক সংরক্ষণ ফি বা অন্যান্য খরচও রয়েছে।
সাফল্য ও ঝুঁকি:
ডিম্বাণু সংরক্ষণ করলেই যে ভবিষ্যতে নিশ্চিতভাবে সন্তান হবে, এমন কোনো গ্যারান্টি নেই। এটি নির্ভর করে বয়স ও ডিম্বাণুর গুণমানের ওপর। এছাড়া হরমোনের ইনজেকশনের কারণে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম (ওএইএসএস)-এর মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও থাকে।