বন্যার পর গরমের দাপট, এর মধ্যেই আলিপুরদুয়ারে ঘন কুয়াশা! উত্তরবঙ্গে কি তবে এবার সময়ের আগেই শীত?

গত সপ্তাহের শনিবার থেকে টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার পর ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স। প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা তিস্তা সহ অন্যান্য নদীর জলে ভয়াবহ ধ্বংসলীলা চলে, যে বিপর্যয়ে অজস্র মানুষের প্রাণহানি ঘটে।

বন্যার রেশ কাটিয়ে পরিস্থিতি যখন ধীরে ধীরে অনুকূল হচ্ছে, তখনই আবহাওয়ায় দেখা গেল এক অদ্ভুত ছবি। বৃষ্টি থামতেই দিনের বেলায় যথেষ্ট কড়া রোদের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম। তবে এই গরমের মধ্যেই বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারে ঘন কুয়াশার চাদরে চারদিক ঢাকা অবস্থায় দেখা গেল। সকালের এই কুয়াশা অনেক বেলা পর্যন্ত স্থায়ী ছিল।

আবহাওয়াবিদের পূর্বাভাস: ২০ অক্টোবর থেকে পারদ পতন
আলিপুরদুয়ারে সকাল থেকে এমন কুয়াশার দাপট দেখার পর অনেকেই বলছেন, এ এক প্রকৃতির খামখেয়ালিপনার চিত্র। তবে এই কুয়াশাই যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। অনেকের মধ্যেই এখন প্রশ্ন, কবে কনকনে ঠাণ্ডায় কাঁপবে আলিপুরদুয়ার?

এই বিষয়ে আবহাওয়াবিদ পীযূষ বোস এক গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন,

“এবার উত্তরবঙ্গে সময়ের অনেক আগেই শীতের অনুভূতি লক্ষ্য করা যাবে। অনুমান করা হচ্ছে ২০ অক্টোবর থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে এবং ওই দিন থেকেই উত্তরবঙ্গের পাহাড়ের অধিকাংশ জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়াবে ১৭ ডিগ্রি সেলিয়াসে।”

ফলে তিস্তার বন্যার স্মৃতি নিয়েই খুব শীঘ্রই ডুয়ার্স ও আলিপুরদুয়ারের বাসিন্দারা শীতের হিমেল পরশ অনুভব করতে চলেছেন।