বন্যার পর এবার বন্যপ্রাণীর হামলা! শুয়োরের আক্রমণে হাসপাতালে পাঁচজন, দুজনের অবস্থা আশঙ্কাজনক
September 22, 2025

মালদার মানিকচকের ভূতনি থানার দক্ষিণ চণ্ডিপুর এলাকায় বুনো শুয়োরের হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
আহতদের নাম জয় মণ্ডল ও মায়া মণ্ডল, যারা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজন মানিকচক গ্রামীণ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।
গত দুই দিনে বন্যার কারণে দুইজনের মৃত্যুর পর এবার বন্যপ্রাণীর আক্রমণে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার জলের সঙ্গে বুনো শুয়োর লোকালয়ে ঢুকে পড়েছে, যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। দ্রুত এই শুয়োরগুলিকে লোকালয় থেকে দূরে সরানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন বাসিন্দারা।