ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত নিউ জলপাইগুড়ি (NJP) থেকে ঢাকা রুটের ‘মিতালী এক্সপ্রেস’ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন উত্তরবঙ্গবাসী। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করায় পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে এই ট্রেনটি পুনরায় চালুর দাবি জোরালো হচ্ছে। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, তিনি শীঘ্রই রেল মন্ত্রকের সঙ্গে কথা বলবেন যাতে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করে মিতালী এক্সপ্রেসের চাকা ফেরানো যায়।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের সময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ৫৭ বছর পর ১ জুন ২০২২ সালে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। কিন্তু সম্প্রতি বাংলাদেশে ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় এবং অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করায় ট্রেনটি ফের চালুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।