অপেক্ষার অবসান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল দেশজুড়ে। রবিবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ মোট ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। সব মিলিয়ে মোট ১৭.৪ কোটি ভোটার এবার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি চার রাজ্যে এক দফাতেই ভোট সম্পন্ন হবে। অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট গ্রহণ করা হবে আগামী ৯ই এপ্রিল। অন্যদিকে, তামিলনাড়ুতে ভোট হবে ২৩শে এপ্রিল। তবে নজর কেড়েছে পশ্চিমবঙ্গ; এখানে ভোট হবে দুই দফায়— ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল। সবকটি রাজ্যের ভোট গণনা এবং ফল প্রকাশ হবে আগামী ৪ঠা মে।
বঙ্গের দুই দফার অঙ্ক: ২০২১ সালের ৮ দফার তুলনায় এবার বাংলায় দুই দফায় ভোট করানোর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম দফায় (২৩শে এপ্রিল) ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় (২৯শে এপ্রিল) ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের কথা মাথায় রেখেই কমিশনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
এক নজরে পরিসংখ্যান: মোট ৮২৪টি বিধানসভা আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যার জন্য ২.১৯ লক্ষ পোলিং স্টেশন তৈরি করা হচ্ছে। ২৫ লক্ষ নির্বাচন কর্মী এবং বিশাল সংখক কেন্দ্রীয় বাহিনী এই ভোট উৎসবের সুরক্ষায় মোতায়েন থাকবে। মে মাসের তপ্ত দুপুরে ৪ তারিখেই জানা যাবে, কার দখলে যাচ্ছে বাংলার মসনদ আর কাদের ফিরতে হচ্ছে খালি হাতে।