বদলে গেল সূচি! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দার্জিলিং সফর বাতিল, শনিতেই উত্তরবঙ্গে পা রাখছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর নিয়ে এক নয়া মোড় এল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর দার্জিলিং যাওয়ার কথা থাকলেও, অনিবার্য কারণবশত সেই সফর আচমকাই বাতিল করা হয়েছে। তবে পাহাড় সফর বাতিল হলেও নির্ধারিত কর্মসূচী অনুযায়ী শনিবারই উত্তরবঙ্গে আসছেন তিনি। মূলত আদিবাসী সংস্কৃতির প্রসারে এবং আন্তর্জাতিক এক সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফর।

শনিবার মাল্লাগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের সূচনায় একটি শাল গাছ রোপণ করে পরিবেশ রক্ষা এবং সাঁওতালি সংস্কৃতির ঐতিহ্যের বার্তা দেবেন তিনি। এই সম্মেলনে নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও সাঁওতাল প্রতিনিধিরা যোগ দেবেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাহাড় সফর বাতিলের নেপথ্যে প্রতিকূল আবহাওয়া না কি অন্য কোনো প্রশাসনিক কারণ রয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট বার্তা মেলেনি। তবে সাঁওতাল কাউন্সিলের এই সম্মেলনে রাষ্ট্রপতির উপস্থিতি আদিবাসী সমাজের কাছে এক বড় পাওনা বলে মনে করছেন আয়োজকরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy