নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ বয়ে আনল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ২০২৬ সালের প্রথম দিন থেকেই এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম (Commercial LPG Price Hike)। বৃহস্পতিবার, ১লা জানুয়ারি থেকেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার প্রতি ১১১ টাকা দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে। বিশ্ববাজারের তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের মতো এই পর্যালোচনা করা হলেও, বছরের শুরুতেই এই বিশাল মূল্যবৃদ্ধি হোটেল, রেস্তরাঁ এবং ক্যাটারিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে শহর কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৬৮৪ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ১,৭৯৫ টাকা। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলোতেও দাম বেড়েছে পাল্লা দিয়ে। দিল্লিতে এই সিলিন্ডারের নতুন দাম ১,৬৯১.৫০ টাকা, মুম্বইয়ে ১,৬৪২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১,৭৩৯.৫০ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধির জেরে রেস্তরাঁ ও ক্যাটারিং পরিষেবার খরচ বাড়তে পারে, যার পরোক্ষ প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটেই পড়বে।
তবে ব্যবসায়ীদের কপালে চিন্তা বাড়লেও মধ্যবিত্তের হেঁসেলের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের (১৪.২ কেজি) দামে কোনো পরিবর্তন করা হয়নি। কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৮৭৯ টাকাই থাকছে। উল্লেখ্য, গত বছর নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করেছিলেন, যদিও পরবর্তীতে এপ্রিলে একবার ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল। আপাতত গৃহস্থালির সিলিন্ডারের দাম স্থিতিশীল থাকলেও, নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের এই ‘সেঞ্চুরি’ পার করা মূল্যবৃদ্ধি বাজারের সার্বিক মুদ্রাস্ফীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।