বছরের প্রথম দিনেই পকেটে টান! এলপিজি সিলিন্ডার থেকে গাড়ির দাম—একঝলকে দেখে নিন ৫টি বড় বদল

২০২৬ সালের ১ জানুয়ারি। ক্যালেন্ডারের পাতা বদলানোর সাথে সাথেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ঘটে গেল বড়সড় পরিবর্তন। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে যাতায়াত এবং আমদানিতেও এসেছে নতুন নিয়ম। নতুন বছরের প্রথম সূর্য ওঠার সাথে সাথে যে ৫টি বড় পরিবর্তন আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলবে, সেগুলি দেখে নিন:

১. ১১১ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার: নতুন বছরের প্রথম ধাক্কা এল রান্নাঘরে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১১ টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে এখন একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৯১.৫০ টাকা এবং কলকাতায় ১৭৯৫ টাকা। তবে স্বস্তির খবর হলো, ১৪ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। পাশাপাশি, পিএনজি (PNG)-র দাম সামান্য কমিয়ে দিল্লি-এনসিআরের মানুষকে কিছুটা উপহার দিয়েছে গ্যাস কোম্পানিগুলো।

২. সস্তা হচ্ছে বিমান ভ্রমণ: আপনি যদি বিমানে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে আপনার জন্য সুখবর। তেল বিপণন সংস্থাগুলি এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা জেট ফুয়েলের দাম অনেকটা কমিয়েছে। দিল্লিতে প্রতি কিলোলিটারে প্রায় ৭ হাজার টাকারও বেশি দাম কমেছে। জ্বালানির দাম কমলে বিমান সংস্থাগুলি টিকিটের দামও কমাতে পারে, ফলে আকাশপথে যাতায়াত আরও সস্তা হওয়ার সম্ভাবনা প্রবল।

৩. মহার্ঘ্য হলো পছন্দের গাড়ি: নতুন বছরে নতুন গাড়ি কেনার স্বপ্ন কি দেখছেন? তবে পকেট থেকে খরচ করতে হবে আরও বেশি। ইনপুট কস্ট বৃদ্ধির অজুহাতে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ (BMW), এমজি মোটরস এবং নিসানের মতো বড় কোম্পানিগুলো ২% থেকে ৩% পর্যন্ত গাড়ির দাম বাড়িয়েছে। পেট্রোল, ডিজেল এবং ইভি—সব বিভাগেই এই দাম বৃদ্ধি কার্যকর হয়েছে।

৪. অস্ট্রেলিয়ার বাজার এবার ভারতের দখলে: ১ জানুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়া বাণিজ্য চুক্তিতে বড় সাফল্য এল। আজ থেকে অস্ট্রেলিয়া ভারতীয় রফতানি পণ্যের ওপর ১০০% শুল্ক তুলে নিয়েছে। এর ফলে শুল্কমুক্ত রফতানি বাণিজ্যে নতুন দিগন্ত খুলে গেল, যার সরাসরি লাভ পাবেন ভারতীয় ব্যবসায়ীরা।

৫. জানুয়ারিতে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ: বছরের প্রথম মাসেই ব্যাঙ্কে দীর্ঘ ছুটি। আরআইবি-র তালিকা অনুযায়ী, মকর সংক্রান্তি, প্রজাতন্ত্র দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে জানুয়ারি মাসে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে জরুরি কাজ থাকলে ব্রাঞ্চে যাওয়ার আগে ক্যালেন্ডার দেখে নেওয়া জরুরি। তবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ২৪ ঘণ্টা সচল থাকবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy