নির্বাচন কমিশনের প্রকাশিত সাম্প্রতিক তথ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাংলায়। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার জেরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এক ধাক্কায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। গত বছর নভেম্বর মাস থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় মোট ভোটারের প্রায় ১১.৯ শতাংশকে তালিকার বাইরে রাখা হয়েছে। এর ফলে রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭.৬৬ কোটি থেকে কমে দাঁড়িয়েছে প্রায় ৭.০৪ কোটিতে।
কমিশন সূত্রে খবর, বিচারাধীন তালিকায় থাকা ৬০.০৬ লক্ষ ভোটারের মধ্যে ২৭.১৬ লক্ষেরই নাম বাতিল করা হয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাতিলের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও মালদা জেলা। জেলাভিত্তিক তথ্যে দেখা গিয়েছে, শুধুমাত্র মুর্শিদাবাদ থেকেই প্রায় সাড়ে ৪ লক্ষ নাম বাদ পড়েছে। কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছভাবে এবং আদালতের নজরদারিতে বিচার বিভাগীয় অফিসারদের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এদিকে, ২৩শে এপ্রিল হতে চলা প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যেই ‘ফ্রিজ’ বা স্থগিত করে দেওয়া হয়েছে। সোমবার মধ্যরাতের পর প্রথম দফার ১৫২টি আসনে আর কোনো নতুন নাম অন্তর্ভুক্ত করা যাবে না। আগামী ৯ই এপ্রিল দ্বিতীয় দফার ১৪২টি আসনের তালিকাও স্থগিত করা হবে। এখন লক্ষ লক্ষ ব্রাত্য ভোটারের ভাগ্য নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। আগামী ১৩ই এপ্রিল শীর্ষ আদালতে এই এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।





