ভারতীয় বক্স অফিসে এখন শুধুই ‘ধুরন্ধর ২’-এর গর্জন। গত ১৯ মার্চ মুক্তি পাওয়া আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলারটি মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকার আয়ের মাইলফলক স্পর্শ করে এক নয়া রেকর্ড গড়েছে। রণবীর সিং অভিনীত এই ছবিটি মুক্তির দিন থেকেই যে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল, শনিবার (২১ মার্চ) তা এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এটি বর্তমানে ২০২৬ সালের দ্রুততম ৫০০ কোটি ছোঁয়া ভারতীয় ছবি।
প্রথম দিনেই এই ছবি ভারতে প্রায় ১০২ কোটি টাকা (নেট) আয় করে চমক দিয়েছিল। শুক্রবার সামান্য নিম্নমুখী হলেও শনিবার অর্থাৎ তৃতীয় দিনে ছবির আয় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পায়। শনিবার শুধুমাত্র ভারত থেকেই ১১৩ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। যার ফলে তিন দিনের মাথায় ভারতের বাজারে ছবির নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৩৩৯ কোটি টাকা এবং বিশ্বজুড়ে গ্রস কালেকশন ৫০১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। উত্তর আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো বিদেশের মাটিতেও ছবিটি অভাবনীয় সাড়া ফেলেছে।
‘ধুরন্ধর ২’ ছবিটি রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ কিংবা শাহরুখ খানের ‘জওয়ান’-এর মতো বড় ব্লকবাস্টারগুলোর তিন দিনের রেকর্ডকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। জাসকিরত সিং রাঙ্গি ওরফে হামজা আলি মাজারির চরিত্রে রণবীর সিং-এর দুর্দান্ত পারফরম্যান্স এবং আদিত্য ধরের টানটান পরিচালনা দর্শকদের হলমুখী করছে। ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো তারকারা। রবিবারের অগ্রিম বুকিং যে ইঙ্গিত দিচ্ছে, তাতে প্রথম সপ্তাহান্তেই এই ছবি ৭০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না।