‘বক্স অফিসে মিথ্যে বলা খুবই বোকামি’, কেন এমন বললেন আমির খান?

অভিনেতা ও প্রযোজক আমির খান সম্প্রতি বলিউড বক্স অফিসের আয়ের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, নিজের ছবির পারফরম্যান্স নিয়ে তিনি সব সময় সৎ থাকেন, কিন্তু ইন্ডাস্ট্রির অনেকে কৃত্রিমভাবে বক্স অফিসের সাফল্য বাড়ানোর জন্য ‘কর্পোরেট বুকিং’-এর মতো কৌশল ব্যবহার করেন।

ট্রেড বিশেষজ্ঞ কোমল নাহতার পডকাস্টে আমির খান বলেন, এই ধরনের পদ্ধতি অর্থহীন। তিনি বলেন, “যখন আমাদের ছবি মুক্তি পায় এবং তার বক্স অফিসের আয় আসে, যে সংখ্যা আসে আমি ঠিক সেটাই দিই। আমার টিমকে বলি, কোনো ভুল সংখ্যা যেন না যায়। আমি মনে করি ব্যবসায় মিথ্যা বলা খুবই বোকামি।”

তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষের কিছু বাধ্যবাধকতা থাকে, কিন্তু মিথ্যা বলা উচিত নয়। অনেকে ভাবেন যে, আমার ছবি যেহেতু আমার ব্যবসা, তাই আমি কেন বলব যে এটা চলছে না? লোকে যদি মনে করে যে এটা খুব হিট হয়েছে, তাহলে তারা আমার ছবিতে বেশি বিনিয়োগ করবে বা সিনেমা হলে বেশি লোক আসবে।”

আমিরকে সর্বশেষ দেখা গিয়েছে ‘সিতারে জমিন পার’ ছবিতে, যা বক্স অফিসে সফল হয়েছে এবং বিশ্বব্যাপী ২৬৩.৪২ কোটি টাকা আয় করেছে। এছাড়াও, তিনি রজনীকান্ত অভিনীত ‘কুলি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে, তাকে আরিয়ান খানের প্রথম পরিচালিত ছবি ‘The Bads of Bollywood’*-এ একটি ক্যামিওতে দেখা যাবে, যা ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।