বক্স অফিসে ঝড় তোলার মাঝেই প্রকাশ্যে ‘কেউ বলে বিপ্লবী…’-র ডিলিটেড সিন! জিতের কোন গোপন রসায়ন লুকিয়েছিল তাতে?

স্বাধীনতা দিবসের আবহকে সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দারুণ ব্যবসা করে চলেছে পরিচালক পথিকৃত বসুর ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। বিপ্লবী অনন্ত সিংহের জীবন সংগ্রামের ওপর তৈরি এই ছবিতে জিতের অভিনয় ও রূপায়ণ ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছবি মুক্তির প্রায় ১৬-১৭ দিন অতিক্রান্ত হওয়ার পর এবার অনুরাগীদের জন্য এক বড় চমক নিয়ে এল ছবির প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ। ইউটিউবে প্রকাশ্যে আনা হয়েছে ছবিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিলিটেড সিন বা বাদ যাওয়া দৃশ্য।
প্রযোজনা সংস্থার শেয়ার করা ওই দৃশ্যটিতে জেলের অন্ধকার গরাদের ওপার বন্দি অনন্ত সিংহ এবং তাঁর বন্ধু সাম্যময়কে দেখা যাচ্ছে। সেখানে সাম্যময় এসে অনন্তকে জানান যে তাঁরা শিল্পের মধ্য দিয়ে বিপ্লবের কথা ফুটিয়ে তুলতে সফল হয়েছেন এবং তাঁদের কাজ কীভাবে সাফল্যের সঙ্গে জুবিলি পার করে ফেলেছে। এমনকি সাম্যময়ের মেয়ের বিয়ের বিশেষ খাবারও তিনি জেলের ভেতরে বন্দি বন্ধুর জন্য নিয়ে এসেছিলেন। সেই বিশেষ মুহূর্তে দুই বন্ধুর কথোপকথন এবং জেলের ঘেরাটোপেও তাঁদের গভীর বন্ধুত্বের রসায়ন দর্শকদের চোখে জল এনে দিয়েছে।
ছবির মূল কাটছাঁটের সময় এই আবেগঘন দৃশ্যটি বাদ পড়ে গেলেও, সোশ্যাল মিডিয়ায় তা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই হু হু করে বাড়তে শুরু করেছে ভিউজ। মাত্র কয়েক মিনিটেই হাজার ছাড়িয়েছে দর্শকের সংখ্যা। কমেন্ট বক্সে চলচ্চিত্রপ্রেমীদের একটাই প্রশ্ন, এত সুন্দর এবং আবেগে ভরপুর একটি দৃশ্য কেন শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ দেওয়া হলো? ছবি মুক্তির এত দিন পর প্রকাশ্যে আসা এই অপ্রকাশিত দৃশ্যটি ঘিরে এখন নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।