ফ্ল্যাটে ঢুকে খুন করে স্নান…! হায়দরাবাদে মহিলা হত্যায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার ২

হায়দরাবাদের সাইবারাবাদে ৫০ বছর বয়সী গৃহবধূ রেণু আগরওয়ালকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত দুই গৃহকর্মীকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, খুন ও ডাকাতির এই ঘটনায় প্রাথমিকভাবে দুই অভিযুক্তের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

পুলিশ সূত্রে খবর, গত তিন দিন আগে রেণু আগরওয়ালকে প্রথমে একটি প্রেসার কুকার দিয়ে আঘাত করা হয়। এরপর ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে তাঁকে খুন করা হয়। তাঁর হাত-পা বাঁধা অবস্থায় ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, খুনের পর অভিযুক্তরা ফ্ল্যাটের ওয়াশরুমে স্নান করে এবং রক্তমাখা পোশাক ঘটনাস্থলেই ফেলে রেখে যায়। এরপর তারা প্রায় ৪০ গ্রাম সোনা এবং নগদ ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।

ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে ফ্ল্যাটে ফিরে আসেন রেণু আগরওয়ালের স্বামী ও ছেলে। তারা বাড়ির প্রধান দরজা বন্ধ দেখতে পেয়ে একজন প্লাম্বারের সাহায্যে বারান্দা দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন এবং রেণুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যে, দুই অভিযুক্তই ঝাড়খণ্ডের বাসিন্দা। এদের মধ্যে একজন মাত্র ১০ দিন আগে কলকাতার একটি ম্যানপাওয়ার এজেন্সির মাধ্যমে রেণু আগরওয়ালের বাড়িতে কাজে ঢুকেছিল। অন্যজন একই আবাসনের পাশের ফ্ল্যাটে কাজ করত। সিসিটিভি ফুটেজে তাদের বিকেল ৫টা নাগাদ ১৩ তলায় যেতে দেখা যায়। এরপর তারা এক মোটরবাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ দুই অভিযুক্তকে জেরা করে খুনের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।