ক্যামেরার সামনেই সীমা পার! আশনীর গ্রোভারকে রাখি সাওয়ান্তের খুল্লামখুল্লা কুপ্রস্তাব, নেটপাড়ায় ঝড়!

সময় রায়নার জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি শো ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ (India’s Got Latent)-এ অতিথি হিসেবে এসে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শো চলাকালীন প্রখ্যাত উদ্যোগপতি আশনীর গ্রোভারকে উদ্দেশ্য করে রাখি এমন কিছু মন্তব্য করেন এবং শালীনতার মাত্রা ছাড়ান, যার ফলে অস্বস্তিতে পড়তে হয় মঞ্চে উপস্থিত সকলকেই। বর্তমানে এই ঘটনার ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ঠিক কী ঘটেছিল শোয়ে?
এদিনের পর্বে সময় রায়না ছাড়াও বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখি সাওয়ান্ত, আশনীর গ্রোভার, কমেডিয়ান কুশগারা শ্রীবাস্তব এবং বলরাজ ঘাই। শো চলাকালীন এক প্রতিযোগীর নিম্নমানের পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়। সেই প্রতিযোগীর পারফরম্যান্সের প্রেক্ষিতে আশনীর গ্রোভার মন্তব্য করেন যে, তার চেয়ে রাখিকে তাঁর বেশি ভালো লাগছে।
আশনীরের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বভাবসুলভ ভঙ্গিতে বেফাঁস মন্তব্য করে বসেন রাখি। তিনি বলেন, তিনি নাকি একেবারে খারাপ নন এবং খোলাখুলিই আশনীরকে উদ্দেশ্য করে বলেন, “একবার আমার সঙ্গে শুয়ে দেখো না, চলো তবে?” শুধু মুখেই নয়, ক্যামেরার সামনেই আশনীরের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করেন তিনি। রাখির এমন অপ্রত্যাশিত আচরণে শোয়ের সঞ্চালক সময় রায়না থেকে শুরু করে খোদ আশনীর গ্রোভার পর্যন্ত হতবাক হয়ে যান।
নেটপাড়ায় প্রতিবাদের ঝড়
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। ক্যামেরার সামনে প্রকাশ্যে এমন অশালীন আচরণের তীব্র সমালোচনা করে অনেকেই প্রশ্ন তুলেছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “এই কাজ বা কথাটা যদি কোনও পুরুষ কোনও মহিলার সঙ্গে করতেন, তাহলে এতক্ষনে হইচই পড়ে যেত। কিন্তু একজন মহিলা যখন এমন সীমা পার করেন, তখন সমাজ চুপ কেন?” অন্য এক নেটিজেনের মত, জনপ্রিয়তার লোভে আজকাল শোয়ে শালীনতার সব বাঁধ ভেঙে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোয়ে নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে এসেছেন রাখি সাওয়ান্ত। তবে ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এর এই সাম্প্রতিক পর্বটি তাঁর সাম্প্রতিক অতীতের সমস্ত বিতর্ককে ছাপিয়ে গেছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।