ফের বিস্ফোরক দিব্যা খোসলা! ‘এক চতুর নারী’ ফ্লপ হতেই বক্স অফিস রিপোর্ট নিয়ে ক্ষোভ

নিজের ছবি বক্স অফিসে সাফল্য না পাওয়ায় ফের ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর থ্রিলার কমেডি ছবি ‘এক চতুর নারী’র বক্স অফিস কালেকশন নিয়ে তিনি এক জনপ্রিয় বক্স অফিস পোর্টাল Sacnilk-এর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। এর আগে ‘সাভি’ ছবির ব্যর্থতার পরেও তিনি একই ধরনের অভিযোগ তুলেছিলেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিব্যা একটি বিস্ফোরক পোস্ট করে লিখেছেন, “দুর্ভাগ্যজনকভাবে Times of India, Mint এবং আরও অনেক সম্মানিত মিডিয়া ওয়েবসাইট Sacnilk-এর মতো অবিশ্বাস্য সূত্র থেকে ছবির বক্স অফিস কালেকশন নিয়ে সংবাদ করছে। আমি সকলকে অনুরোধ করছি, আমাদের ডিস্ট্রিবিউটর PVR থেকে সরকারি কালেকশন নেওয়া হোক।”

তিনি আরও লেখেন, “Sacnilk আমাদের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে তথ্য নেয় না এবং প্রায়ই নিজেদের ইচ্ছেমতো সংখ্যা প্রকাশ করে। ‘সাভি’র সময়ও তারা আমার ছবির সম্পূর্ণ ভুল কালেকশন প্রকাশ করেছিল। এখন আবার ‘এক চতুর নারী’র ক্ষেত্রেও অত্যন্ত ভুল তথ্য দিচ্ছে, যা অন্যায় এবং দুর্নীতিপূর্ণ। এই সময়ে যখন অনেক ওয়েবসাইট রিভিউ এবং বক্স অফিসের জন্য ব্ল্যাকমেইল করছে, তখন মূলধারার মিডিয়ার অন্তত বিশ্বাসযোগ্য হওয়া উচিত।”

Sacnilk-এর তথ্য অনুযায়ী, ‘এক চতুর নারী’ প্রথম দিনে ০.৬ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে ০.৮ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ প্রথম দুই দিনে ছবির মোট আয় ১.৪ কোটি টাকা। যদিও দিব্যা নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন, ছবিটি এখন পর্যন্ত ২.৩৯ কোটি টাকা আয় করেছে। Sacnilk-এর রিপোর্ট এবং দিব্যার দেওয়া তথ্যের মধ্যে এই পার্থক্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

উমেশ শুক্লা পরিচালিত এই ছবিতে দিব্যা ছাড়াও অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ, সুশান্ত সিং, রজনীশ দুগ্গাল, জাকির হুসেন এবং আরও অনেকে। ছবিতে দিব্যাকে একজন সংগ্রামরত মায়ের চরিত্রে দেখা গেছে, যিনি তার ছোট ছেলে এবং শাশুড়িকে নিয়ে জীবনধারণ করছেন।