ফুটবল থেকে অভিনয় জগতে, প্রথম সিরিজেই এমি জয়! কে এই ১৫ বছরের ওয়েন কুপার?

এমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মাত্র ১৫ বছর বয়সী অভিনেতা ওয়েন কুপার নেটফ্লিক্সের ড্রামা সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলারের চরিত্রে অভিনয় করে লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বা টিভি মুভি বিভাগে সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন। এর মধ্য দিয়ে তিনি ১৯৫৪ সালে মাইকেল এ গুরজিয়ান এবং ১৯৭৩ সালে স্কট জ্যাকবির গড়া রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসেবে এমি জয়ের গৌরব অর্জন করলেন।
পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত কুপার তার বাবা-মা, সহ-অভিনেতা এবং ‘অ্যাডোলেসেন্স’-এর পুরো টিমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি যখন কয়েক বছর আগে এই ড্রামা সিরিজ শুরু করেছিলাম, তখন আশা করিনি যে আমি আমেরিকায় আসব। কিন্তু আজকের এই রাত প্রমাণ করে দিল যে, যদি তুমি শোনো, কাজের লক্ষ্য যদি সঠিক হয় এবং তুমি যদি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে জীবনে সবকিছু অর্জন করা সম্ভব। আমি তিন বছর আগে কিছুই ছিলাম না। আর আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে। এনিথিং ইজ পসিবল।”
এই জয় আরও তাৎপর্যপূর্ণ কারণ কুপার অস্কারজয়ী অভিনেতা জাভিয়ের বারডেম এবং পিটার সার্সগার্ডের মতো অভিনেতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করেছেন।
২০০৯ সালের ৫ ডিসেম্বর ইংল্যান্ডের ওয়ারিংটনে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা কুপার ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। পরে টম হল্যান্ডের ‘দ্য ইম্পসিবল’ (২০১২) ছবিটি দেখার পর তার মনে অভিনয়ের আগ্রহ জন্মায়। এরপর তিনি ম্যানচেস্টার-ভিত্তিক একটি নাট্য বিদ্যালয়ে অভিনয় প্রশিক্ষণ নিতে শুরু করেন।
যখন ‘অ্যাডোলেসেন্স’-এর জন্য কাস্টিং শুরু হয়, তখন ৫০ টিরও বেশি ভিডিও অডিশন থেকে বেছে নেওয়া হয় কুপারকে। এটিই ছিল তার প্রথম পেশাদার কাজ।
‘অ্যাডোলেসেন্স’ সিরিজে কুপার ১৩ বছর বয়সী জেমি মিলারের চরিত্রে অভিনয় করেছেন, যার বিরুদ্ধে সহপাঠীকে খুনের অভিযোগ ওঠে। চার পর্বের এই মিনি সিরিজটি ঘটনার গভীরে গিয়ে সমাজের কিছু কঠিন সত্য তুলে ধরেছে। গত ১৩ মার্চ নেটফ্লিক্সে আসার পর সিরিজটি মুহূর্তেই দর্শকদের মন জয় করে নেয় এবং মাত্র তিন মাসে এর ভিউ ১৪১ মিলিয়নে পৌঁছে যায়, যা নেটফ্লিক্সের দ্বিতীয় সর্বোচ্চ হিট সিরিজের তকমা পায়।
কুপার অবশ্য জানিয়েছেন, তিনি এখনও তার অভিনীত সিরিজটি দেখেননি। তার মতে, পর্দায় নিজেকে দেখতে তার অস্বস্তি লাগে।
এমি জয়ের পর এই তরুণ অভিনেতার ভবিষ্যৎ উজ্জ্বল। তাকে শীঘ্রই এমারেল্ড ফেনেলের ‘উদারিং হাইটস’ (২০২৬)-এ তরুণ হিথক্লিফ চরিত্রে এবং বিবিসি থ্রি-এর আসন্ন সিরিজ ‘ফিল্ম ক্লাব’-এ ক্যালাম চরিত্রে দেখা যাবে। অভিনয়ের বাইরে, কুপার প্লেস্টেশন গেম, বিশেষ করে গ্র্যান্ড থেফট অটো খেলতে ভালোবাসেন।