ফুটবলের আড়ালে মানব পাচার! জাপান থেকে ২২ পাকিস্তানিকে ফেরত পাঠাল প্রশাসন

ক্রিকেটের পর এবার ফুটবল। ফের আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিল পাকিস্তান। এবার ফুটবল দল পাঠানোর নামে মানব পাচারের চেষ্টার অভিযোগে জাপান থেকে ফেরত পাঠানো হলো তাদের ২২ সদস্যের একটি দলকে। এই ঘটনার পর মানব পাচার চক্রের যোগ থাকার সন্দেহে তদন্ত শুরু করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA)।
কী ঘটেছিল?
সম্প্রতি ২২ জনের একটি পাকিস্তানি দল জাপানে ফুটবল খেলার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু জাপানের বিমানবন্দরে পৌঁছানোর পরই সেখানকার কর্তৃপক্ষ তাদের নথিপত্র দেখে সন্দেহ প্রকাশ করে। জানা যায়, তাদের সমস্ত নথি ছিল জাল। দেরি না করে দ্রুত তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
তদন্তকারী সংস্থা বলছে, ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের একটি দলের মাধ্যমে এই ২২ জনকে জাপানে পাঠানো হয়েছিল। এই দলের মূল হোতা মালিক ওয়াকাস নামের এক ব্যক্তি। তিনি প্রত্যেক সদস্যের কাছ থেকে ৪০ লক্ষ টাকা করে নিয়েছিলেন। বলা হয়েছিল, এই টাকা যাতায়াত খরচ হিসেবে নেওয়া হচ্ছে। কিন্তু জাপানে পৌঁছানোর পরই তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে যায়।
মানব পাচার চক্রের যোগ থাকার সন্দেহ
তদন্তকারী সংস্থার মতে, ফুটবল দলের আড়ালে এই ব্যক্তিদের বিদেশে পাঠিয়ে মানব পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনার পর মালিক ওয়াকাসকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে গুজরানওয়ালা থানায় মামলা দায়ের করা হয়েছে।
তবে এই বিপুল সংখ্যক মানুষ কীভাবে জাল নথিপত্র দিয়ে পাকিস্তান থেকে বিদেশে যাওয়ার ছাড়পত্র পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। FIA এই বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা করছে।