প্রেমের উপহার! দুর্গাপূজার আগে ভারতে পদ্মার ইলিশ পাঠালো বাংলাদেশ, বাজারে ইলিশের দাম কমবে কি?

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর এই পূজার আগেই ইলিশের সুখবর পেলেন বাঙালিরা। বাংলাদেশ সরকার এ বছরও পূজার উপহার হিসেবে ভারতে ইলিশ পাঠাচ্ছে। গতরাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে প্রায় ১২ টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। পরবর্তীতে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ এসেছে। এই ইলিশ পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন বাজারে পৌঁছানো শুরু হবে আজ বুধবার থেকে।

রাজনৈতিক সম্পর্কের অবনতি সত্ত্বেও ইলিশের উপহার

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার মোট ৩৭টি সংস্থাকে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই ইলিশ পাঠানো হবে। অতীতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজার আগে ইলিশ পাঠানোর যে রীতি শুরু করেছিলেন, তা আজও বজায় আছে। তবে গত বছর বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ভারত-বিরোধী আন্দোলন হয় এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। এরপরও অনেক অনুরোধের পর ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ব্যবসায়ীরা মাত্র ৫৭৭ মেট্রিক টন আমদানি করতে পেরেছিলেন।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট

এই বছর, বাংলাদেশ সরকার রাজনৈতিক সম্পর্ক নির্বিশেষে আবারও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিতে বুধবার কলকাতার ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান পেট্রাপোল বন্দরে উপস্থিত ছিলেন। প্রতিটি ট্রাকে ১ থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ এসেছে। কাস্টম ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এজেন্টসরা জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে শীঘ্রই পদ্মার ইলিশ পাওয়া যাবে এবং বাজার অনুযায়ী দাম নির্ধারিত হবে।