প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর গলা কেটে খুন! গ্রেপ্তার হলেন তৃতীয় স্ত্রী

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের স্বামীকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মহিলা, তার প্রেমিক এবং প্রেমিকের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আনুপ্পুর জেলায়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভাইয়ালাল রজক (৬০)। তার তৃতীয় স্ত্রী বিমলা রজকের (৩৮) সঙ্গে স্থানীয় এক জমি ব্যবসায়ী নারায়ণ দাস কুশওয়াহার অবৈধ সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা স্বামী জানতে পেরে যাওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

কীভাবে ঘটল হত্যাকাণ্ড?
গত ৩০ তারিখ রাতে ভাইয়ালাল রজক যখন ঘুমিয়ে ছিলেন, তখন বিমলার নির্দেশে তার প্রেমিক নারায়ণ দাস এবং তার কর্মচারী ধীরজ কোল রাত ২টা নাগাদ ঘরে ঢুকে লোহার রড দিয়ে ভাইয়ালালের মাথায় আঘাত করে এবং গলা কেটে দেয়। এরপর দেহটি একটি বস্তায় ভরে কম্বলে মুড়ে বাড়ির পিছনের কুয়োয় ফেলে দেওয়া হয়।

পরের দিন ভাইয়ালালের দ্বিতীয় স্ত্রী গুড্ডি বাই কুয়োয় মৃতদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। তদন্তে নেমে পুলিশ বিমলা, তার প্রেমিক নারায়ণ এবং কর্মচারী ধীরজকে গ্রেপ্তার করে।

তৃতীয় বিয়ে ও সম্পর্ক
পুলিশ সুপার মতিউর রহমান জানান, ভাইয়ালালের প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি গুড্ডি বাইকে বিয়ে করেন। কিন্তু তাদের কোনো সন্তান না হওয়ায় গুড্ডির বোন বিমলাকে বিয়ে করেন ভাইয়ালাল। বিমলার দুটি সন্তানও আছে। তবে বিমলার সঙ্গে নারায়ণের সম্পর্ক গড়ে উঠলে এই নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে বিমলা খুনের কথা স্বীকার করেছেন। পুলিশ তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করছে।