চিনে বড় বিপদাশঙ্কা! নিজের হাতে গড়া ঘনিষ্ঠদেরই দল থেকে ছেঁটে ফেলছেন শি জিনপিং?

চিনের রাজনৈতিক আঙিনায় ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য ও উত্তেজনার মেঘ। দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দলের অন্দরেই শুরু হয়েছে নজিরবিহীন ও কঠোর দমন-পীড়ন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, খাস শি জিনপিংয়ের অত্যন্ত আস্থাভাজন এবং খোদ তাঁর মাধ্যমেই নিয়োগ পাওয়া শীর্ষস্থানীয় কমিউনিস্ট নেতা ও প্রভাবশালী সামরিক আধিকারিকদের একের পর এক পদ থেকে অপসারণ করা হচ্ছে। দুর্নীতি ও শৃঙ্খলাহীনতার মারাত্মক অভিযোগ তুলে এই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে বলে খবর।
সাম্প্রতিক এই রাজনৈতিক পটপরিবর্তন ও অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান ঘিরে গোটা বিশ্বজুড়েই শুরু হয়েছে জোর চর্চা। কেন হঠাত্ নিজের দলের ভেতরেই এমন কঠোর অবস্থান নিলেন শি জিনপিং, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। পরিসংখ্যান বলছে, এই পরিবর্তনের তীব্রতা ও গভীরতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জুরিখ বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যঁ-ক্রিস্টোফার মিটেলস্ট্যাডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে নির্বাচিত চিনের ২৪-সদস্যের পলিটব্যুরোর তিন জন শীর্ষ সদস্যকে ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে। ১৯৮০ সালের পর থেকে চিনের রাজনৈতিক ইতিহাসে একক কোনো মেয়াদে বর্তমান পলিটব্যুরো থেকে এত বিপুল সংখ্যক সদস্যের অপসারিত হওয়ার ঘটনা এটাই প্রথম।