প্রার্থী তালিকা প্রকাশের আগেই ‘আমিই দাঁড়াচ্ছি’! ময়নার বিজেপি বিধায়কের ঘোষণায় বিতর্ক, সমর্থন জানালেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, দলগুলি প্রার্থী তালিকাও প্রকাশ করেনি। ঠিক এই আবহে পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা কার্যত নিজেই নিজেকে আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন। দলীয় বিধায়কের এমন আত্মবিশ্বাসী মন্তব্য ঘিরে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল, তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘোষণায় কোনও ভুল দেখতে নারাজ।

‘৯৯.৯৯৯% অশোক দিন্দাই দাঁড়াবে’

সম্প্রতি বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অশোক দিন্দা একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “২০২৬-এ ৯৯.৯৯৯ শতাংশ অশোক দিন্দাই দাঁড়াবে। বলে দিলাম। আমি বলছি, নিজের থেকেই বলছি, ৯৯.০০৯% অশোক দিন্দাই দাঁড়াবে। আমিই দাঁড়াব।”

পাশাপাশি, ময়না কেন্দ্র থেকে জয়ের ব্যাপারেও তিনি চূড়ান্ত আত্মবিশ্বাসী। তাঁর দাবি, “২৬-এর ভোটের আগে তৃণমূল এখানে প্রার্থী পাবে না। কেউ দাঁড়াবে না। ময়না থেকে ১০ হাজার লিড আছে, এটা গিয়ে দাঁড়াবে ২০-২৫ হাজার লিড।” উল্লেখ্য, বিজেপি-তে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। সেই ঐতিহ্য ভেঙে একজন বিধায়কের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি করেছে।

শুভেন্দুর সমর্থন, তৃণমূলের কটাক্ষ

দলীয় বিধায়কের এমন স্বঘোষিত প্রার্থী হওয়া নিয়ে যখন তৃণমূল কটাক্ষের সুযোগ খুঁজছে, তখন শুভেন্দু অধিকারী অশোক দিন্দার পাশে দাঁড়িয়েছেন। বিরোধী দলনেতা বলেন, “ওঁর ইচ্ছে রয়েছে উনি বলেছেন। দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন। উনি অ্যাক্টিভ বিধায়ক। এলাকায় থাকেন, কাজ করেন। আমি তো আশা করতেই পারি দল মনোনয়ন দেবে। খারাপ কিছু বলেননি তো। তিনি এমন কোনও কাজ করেননি যাতে দল তাকে বদলে দেয়।”

অন্যদিকে, মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বিজেপি বিধায়ককে আক্রমণ করে বলেন, “এরা পরিযায়ী পাখির মতো। বড় বড় কথা বলছেন। গত চারবছর, সাড়ে চারবছর ধরে ময়নার মানুষ দেখতে পায়নি। হতাশাগ্রস্ত। অশোক দিন্দা টিকিট পাবে না ধরে নিয়েই, আগে থেকে বলছে আমি দাঁড়াচ্ছি এখানে ৯৯ শতাংশ। জিততে পারবে না।”

প্রসঙ্গত, এই আবহে পশ্চিমবঙ্গে যে কোনও দিন ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) শুরু হতে পারে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে ইতিমধ্যেই হুমকি-হুঁশিয়ারি, আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তাপ বাড়ছে। এর মধ্যেই ময়নার বিধায়কের এই ‘স্বঘোষিত প্রার্থী’ হওয়ার ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy