“প্রশ্নের ছবি তুললেই ৩০ মিনিটেই পড়বে ধরা!”-SSC পরীক্ষার আগে কড়া হুঁশিয়ারি কমিশনের

রবিবার, বহু প্রতীক্ষিত নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ৫০ হাজার টাকায় নাকি এসএসসি-র প্রশ্ন বিক্রি হচ্ছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে কমিশন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, প্রশ্নপত্র পুরোপুরি সুরক্ষিত আছে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
কমিশন এবার পরীক্ষা ব্যবস্থায় একাধিক নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে, যা নকল ও অনিয়ম ঠেকানোর জন্য যথেষ্ট। এসএসসি চেয়ারম্যান জানান, প্রত্যেকটি প্রশ্নপত্রে এমন কিছু বিশেষ সুরক্ষাকবচ থাকবে, যা বাইরে থেকে বোঝা যাবে না। যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে ফাঁস করার চেষ্টা করেন, তাহলে আধঘণ্টার মধ্যে ধরা পড়বে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে ফাঁস হয়েছে, তাও শনাক্ত করা যাবে বলে তিনি জানিয়েছেন।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশিকা:
পরীক্ষার দিন সকাল ১০টার মধ্যে সমস্ত পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছাতে হবে।
শুধুমাত্র অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং স্বচ্ছ জলের বোতল সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে।
স্বচ্ছ পেন না থাকলে, কমিশনের পক্ষ থেকে একটি করে স্বচ্ছ পেন সরবরাহ করা হবে।
সকাল ১১টা ৪৫ মিনিটে সিল করা প্রশ্নপত্র ও ওএমআর শিট দেওয়া হবে।
প্রথম ১৫ মিনিটে পরীক্ষার্থীরা কেবল নিজেদের রোল নম্বর এবং অন্যান্য জরুরি তথ্য পূরণ করবেন।
ওএমআর শিটের ১ থেকে ৫ নম্বর পর্যন্ত তথ্য পূরণের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ এতে ভুল হলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে।
দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে দেড় ঘণ্টা। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।
রাজ্যজুড়ে ৬৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশনের এই কঠোর পদক্ষেপ স্বচ্ছ ও অনিয়মহীন পরীক্ষা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।