প্রশ্নফাঁসের জল্পনা রুখতে কড়া কেন্দ্র, ২১ জুন পর্যন্ত ভারতে বন্ধ টেলিগ্রাম, নজরে দেড় কোটির জালিয়াতি!

নিট ইউজি (NEET-UG) ২০২৬-এর পুনঃপরীক্ষা আগামী ২১ জুন। তার ঠিক আগেই পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুয়ো তথ্যের রমরমা রুখতে ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং প্রতারণামূলক কর্মকাণ্ড আটকাতে ভারতে সাময়িকভাবে ব্লক করা হল জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম (Telegram)। পরীক্ষা নিয়ামক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (NTA)-র বিশেষ সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, ভুয়ো খবরের বিস্তার আটকাতে আগামী ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামের ‘মেসেজ এডিটিং’ ফিচারটিও ব্যবহার করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এনটিএ-র নজরদারিতে উঠে এসেছে যে, গত কয়েক সপ্তাহে টেলিগ্রামে ‘Paper Leaked NEET’, ‘Re-NEET 2026’, ‘Private Mafia’ বা ‘Ree NEET Mafiaa’-এর মতো একাধিক নামধারী চ্যানেল সক্রিয় হয়ে উঠেছিল। এই চ্যানেলগুলির মাধ্যমে প্রশ্নফাঁসের ভুয়ো দাবি ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছিল। বিশেষ করে টেলিগ্রামের এডিটিং ফিচারটি ব্যবহার করে জালিয়াতি চক্রগুলি অত্যন্ত সুকৌশলে ‘প্রশ্ন ফাঁসের’ জাল প্রমাণ তৈরি করছিল। পরীক্ষা শেষ হওয়ার পর পুরনো মেসেজ এডিট করে সেখানে নতুন প্রশ্নপত্র জুড়ে দেওয়া হচ্ছিল, অথচ টাইপস্ট্যাম্প অপরিবর্তিত থাকায় তা দেখে সাধারণ ছাত্রছাত্রীদের মনে হচ্ছিল যে পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস হয়েছে। এই ধরনের সাইবার প্রতারণা ও ব্ল্যাকমেল রুখতেই কেন্দ্র এই কড়া সিদ্ধান্ত নিয়েছে।
ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C)-এর তৎপরতায় সন্দেহজনক একাধিক টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ এবং বট ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে নেমে আহমেদাবাদ সাইবার ক্রাইম শাখা প্রতারণা চক্রের বেশ কয়েকজন পাণ্ডাকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা গত এক মাসে প্রায় ১ হাজার মোবাইল নম্বরে যোগাযোগ করে ১.৫ কোটি টাকারও বেশি আর্থিক লেনদেন করেছে। নিটের নামে পড়ুয়াদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। এদিকে, বিহার পুলিশও পড়ুয়াদের উদ্দেশ্যে একটি সতর্কতা জারি করেছে।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা এই পুনঃপরীক্ষার বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে এনটিএ একটি বিশেষ অভিযোগ জানানোর পোর্টালও চালু করেছে। সেখানে যে কেউ সন্দেহজনক ওয়েবসাইট বা ভুয়ো বিজ্ঞাপনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এনটিএ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, “নিটের সব প্রশ্নপত্র অত্যন্ত সুরক্ষিত। সোশ্যাল মিডিয়ার কোনো ভুয়ো দাবিতে কান দেবেন না।” আগামী ২১ জুনের পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে এবং পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে।