প্রলোভনের ফাঁদ! রাশিয়ায় নিয়ে গিয়ে ভারতীয়দের ইউক্রেন যুদ্ধে বাধ্য করা হচ্ছে, সতর্ক করলো বিদেশ মন্ত্রক

লোভনীয় বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয় নাগরিকদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়াই করতে বাধ্য করা হচ্ছে। এমন অসংখ্য অভিযোগ প্রকাশ্যে আসার পর এবার বিষয়টি স্বীকার করে ভারতীয়দের সতর্ক করল বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের কঠোর পদক্ষেপ
গণমাধ্যমে প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, তারা সম্প্রতি রুশ সামরিক বাহিনীতে ভারতীয়দের নিয়োগের একাধিক রিপোর্ট পেয়েছে। সরকার গত এক বছরে বারবার এই ধরনের কাজের বিপদ ও ঝুঁকি সম্পর্কে ভারতীয়দের সতর্ক করেছে।

বিদেশ মন্ত্রক এই গুরুতর বিষয়টি দিল্লি এবং মস্কোয় অবস্থিত রুশ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে। তারা রাশিয়াকে এই নিয়োগ বন্ধ করতে এবং অবিলম্বে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা সকল ভারতীয় নাগরিককে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের যেকোনো প্রস্তাব থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ এটি একটি অত্যন্ত বিপজ্জনক পথ।”

প্রতারণার শিকার ভারতীয়রা
‘দ্য হিন্দু’ পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, দুই ভারতীয় ব্যক্তি দাবি করেছেন যে, তাদের নির্মাণ কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে তাদের ইউক্রেনের ফ্রন্টলাইনে মোতায়েন করা হয়। তারা জানিয়েছেন যে তাদের মতো আরও ১৩ জন ভারতীয় একই পরিস্থিতিতে আটকে আছেন। জানা গেছে, তারা স্টুডেন্ট বা ভিজিটর ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন এবং একজন এজেন্ট তাদের সঙ্গে প্রতারণা করেছে।

২০২৪ সালের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি প্রথম নজরে আসে। অভিযোগ অনুযায়ী, শতাধিক ভারতীয়কে রুশ সেনার সহযোগী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। শুধু ভারত নয়, নেপাল-সহ আরও অনেক দেশের নাগরিকদেরও এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে।