আর ইউপিআই নয়, এবার শুধু নগদ! সাইবার প্রতারণার ভয়ে তারাপীঠের ব্যবসায়ীরা নিলেন বড় সিদ্ধান্ত

সাইবার প্রতারণার শিকার হয়ে এবার ডিজিটাল পেমেন্ট বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন বীরভূমের তারাপীঠের ব্যবসায়ীরা। তারা আর ইউপিআই পেমেন্ট গ্রহণ করবেন না, কারণ প্রতারণার টাকা অ্যাকাউন্টে ঢুকলেই সেটি ফ্রিজ হয়ে যাচ্ছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারাপীঠের প্রায় ৩০০ জন ব্যবসায়ী এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন। মদ ব্যবসায়ী ও হোটেল মালিক নন্দেশ্বর মণ্ডল জানান, বিভিন্ন রাজ্য থেকে সাইবার প্রতারণার মামলা শুরু হওয়ায় তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। এতে কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু টাকা এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে পুরো টাকাই আটকে যাচ্ছে।
এই সমস্যার সমাধান করতে তারাপীঠের হোটেল, মুদিখানা, মাংস, সবজি ও মদের দোকানসহ সব ধরনের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এখন থেকে শুধুমাত্র নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করবেন।
জানা গেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতারকেরা জালিয়াতির টাকা ইউপিআইয়ের মাধ্যমে তারাপীঠের ব্যবসায়ীদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, আর সেই কারণেই বিপদ বাড়ছে। নিজেদের অর্থ বাঁচাতে এবং অপ্রয়োজনীয় হয়রানি এড়াতে ব্যবসায়ীরা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপ একদিকে যেমন ব্যবসায়ীদের স্বস্তি দেবে, তেমনি ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।