বিশ্বজুড়ে যুদ্ধ ও তেলের বাজারের অস্থিরতার মাঝেই ভারতের জ্বালানি শক্তি নিয়ে বড় তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। সোমবার রাজ্যসভায় তিনি জানান, বিশ্ববাজারে তেলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেলেও ভারতের হাতে বর্তমানে ৭৪ দিন বা প্রায় আড়াই মাসের তেল মজুত রয়েছে। এর মধ্যে ভূগর্ভস্থ কৌশলগত ভাণ্ডার (Strategic Petroleum Reserves), শোধনাগার এবং বন্দরগুলিতে থাকা ভাসমান মজুত ভাণ্ডারও অন্তর্ভুক্ত।
মন্ত্রী জানান, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (IEA)-র নিয়ম অনুযায়ী ৯৫ দিনের তেলের ব্যাকআপ থাকা আদর্শ, ভারত বর্তমানে ৭৪ দিনে পৌঁছেছে। অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের পর এবার ওডিশাতেও নতুন তেলের ভাণ্ডার তৈরির পরিকল্পনা করছে সরকার। তিনি আরও বলেন, “এক দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।” ভারতের এই মজুত ভাণ্ডার বিশ্ববাজারের যে কোনো বড় ধাক্কা সামলাতে সক্ষম বলে তিনি আশ্বস্ত করেন।