প্রবল ভূকম্পনে কাঁপল ফিলিপাইন! রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

সপ্তাহান্তে ৬.৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি তখনও টাটকা, এরই মধ্যে শুক্রবার সকালে আরও এক প্রবল ভূকম্পনে কেঁপে উঠল ফিলিপাইন। স্থানীয় এবং একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফিলিপাইনের মিন্দানাওতে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ৬২ কিলোমিটার (৩৮.৫৩ মাইল) গভীরে, দাভাও ওরিয়েন্টালের মানায় শহরের কাছে।
সুনামি সতর্কতা ও উপকূল থেকে সরানোর তৎপরতা
শক্তিশালী উপকূলীয় ভূমিকম্পের পর ফিলিপিন এবং ইন্দোনেশিয়ায় কম্পনের জেরে দ্রুত সুনামি সতর্কতা জারি করা হয়। এই সতর্কতা জারি করে ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (PHIVOLCS) জানায়, সুনামির ঢেউ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রথম সুনামির ঢেউ ১০ অক্টোবর (PST) সকাল ৯:৪৩:৫৪ থেকে ১১:৪৩:৫৪-এর মধ্যে আছড়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল। সতর্কতা জানানো হয় যে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আচড়ে পড়তে পারে এবং সুনামির তাণ্ডব চলতে পারে কয়েক ঘণ্টা পর্যন্ত। পরিস্থিতি বিচারে দ্রুত উপকূলবর্তী এলাকাগুলি থেকে স্থানীয় মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। যদিও পরে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে সুনামি সতর্কতা তুলে নেওয়ার খবর জানানো হয়েছে।
মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা এবং ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থাও তাদের এলাকায় সতর্কতা জারি করেছিল।
ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র ও প্রেসিডেন্টের বার্তা
এখনও পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও, বেশ কিছু অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
দাভাও দেল নর্টের গভর্নর এডউইন জুবাহিব জানিয়েছেন যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
সিভিল ডিফেন্স অফিসের আঞ্চলিক পরিচালক এডনার দয়াংহিরাং জানান, দাভাও ওরিয়েন্টালে ভবন এবং একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় রিপোর্টের মাধ্যমে জানা গেছে।
ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে এবং শীঘ্রই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হবে। তিনি বলেন, “এই পরিস্থিতিতে যাঁদের প্রয়োজন, তাঁদের সকলের কাছে সাহায্য পৌঁছনো নিশ্চিত করার জন্য আমরা সর্বক্ষণ কাজ করছি।”
উল্লেখ্য, গত সপ্তাহে ফিলিপাইনের সেবু প্রদেশে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৭৪ জন নিহত এবং বহু আহত হয়েছিলেন। শক্তিশালী ভূমিকম্পে শতাব্দী প্রাচীন একটি প্যারিশও ভেঙে পড়েছিল। এর পরপরই ফের এই ভয়াবহ ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়াল।