করোনা মহামারির কারণে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে অবশেষে শুরু হলো বিশ্বের বৃহত্তম আদমশুমারি বা জনগণনার কাজ। ২০১১ সালের পর ২০২১ সালে এই প্রক্রিয়া হওয়ার কথা থাকলেও পরিস্থিতির চাপে পাঁচ বছর পিছিয়ে ২০২৬-এ তা শুরু হলো। এটি ভারতের সামগ্রিক ১৬তম এবং স্বাধীনতার পর অষ্টম আদমশুমারি।
এবারের জনগণনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ‘ডিজিটাল’ মাধ্যম। এই প্রথমবার খাতা-কলমের বদলে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবারের সেন্সাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ‘বিতর্কিত’ জাতিগত তথ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
ভারত সরকারের শেষ আনুষ্ঠানিক তথ্য ১৫ বছর আগের হলেও, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (UNFPA) ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ভারত ইতিমধ্যেই ১৪০ কোটির গণ্ডি ছাড়িয়ে চীনকে ছাপিয়ে বিশ্বের জনবহুলতম দেশ হয়ে দাঁড়িয়েছে। তথ্যে আরও দেখা গিয়েছে, ভারতের গড় বয়স মাত্র ২৮ বছর, যা দেশটিকে বিশ্বের অন্যতম ‘তরুণ’ রাষ্ট্রে পরিণত করেছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষই বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।





