প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের নতুন মাইলফলক! রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে সফলভাবে উৎক্ষেপণ হলো অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র!

ভারত তার প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল। মধ্যপাল্লার অগ্নি-প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (Agni-Prime Ballistic Missile) সফল উৎক্ষেপণ করা হয়েছে রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও-কে (DRDO) অভিনন্দন জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে, এই প্রথমবার রেল লঞ্চার থেকে পরীক্ষামূলকভাবে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো।

DRDO-এর বিশেষ নকশা
অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের এই উৎক্ষেপণটি ছিল পরীক্ষামূলক। এর জন্য বিশেষভাবে নকশা করা লঞ্চারটি তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। এই উৎক্ষেপণের সম্পূর্ণ দায়িত্বও ছিল ডিআরডিও-র হাতে।

রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই সক্ষমতা ভারতের প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করবে। রেলপথে উৎক্ষেপণের সুবিধা থাকায় ক্ষেপণাস্ত্রগুলিকে দ্রুত এবং গোপনীয়তার সাথে দেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া এবং মোতায়েন করা সম্ভব হবে, যা প্রতিরক্ষা সক্ষমতাকে আরও মজবুত করবে।